জলবায়ু সংকট মোকাবিলা, কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর ক্ষতিপূরণ এবং ন্যায্য রূপান্তরের দাবিতে দশমিনায় সমাবেশ ও মানববন্ধন

Published: Updated: 3 views
জলবায়ু সংকট মোকাবিলা, কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর ক্ষতিপূরণ এবং ন্যায্য রূপান্তরের দাবিতে দশমিনায় সমাবেশ ও মানববন্ধন
Share:

“আইল থেকে আন্তালিয়া”-জলবায়ু সংকটের বাস্তবতা তুলে ধরা, ক্ষতিগ্রস্ত কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আজ সোমবার দুপুর ১২টায় পটুয়াখালীর দশমিনায় সমাবেশ, র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন।

দশমিনা উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক, কিষাণী, ভূমিহীন মানুষ ও মানবাধিকারকর্মীরা দশমিনা ইউনিয়ন পরিষদের সামনে সমবেত হন। পরে একটি র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ও দশমিনা উপজেলা শাখার সভাপতি মোঃ নয়া মিয়া শিকদারের সভাপতিত্বে এবং পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক কায়েস মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কিষাণী সভার কেন্দ্রীয় কমিটির সভানেত্রী ও দশমিনা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামসুন্নাহার খান ডলি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার, কেন্দ্রীয় নেতা শাহ আলম, মানবাধিকারকর্মী ও অন্বেষা সমাজসেবার নির্বাহী পরিচালক মোঃ

মজিবুর রহমান টিটু, দশমিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ দাস, মোঃ ফিরোজ হোসাইন, ভূমিহীন নেতা আশ্রাফ সিকদার, মোঃ ইদ্রিস খা, মোঃ বারেক সর্দার, মোঃ মোখলেসুর রহমান, ফেরদৌস হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের কৃষক, মৎস্যজীবী, ভূমিহীন ও সাধারণ মানুষ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথচ জলবায়ু সংকট সৃষ্টির জন্য দায়ী ধনী দেশ ও জীবাশ্ম জ্বালানিনির্ভর করপোরেট শক্তিগুলো তাদের দায় যথাযথভাবে স্বীকার করছে না। উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা, কৃষিজমি ও বসতভিটা রক্ষায় কার্যকর পদক্ষেপ এবং ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, আন্তর্জাতিক জলবায়ু আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কৃষক, কিষাণী, ভূমিহীন ও উপকূলীয় জনগোষ্ঠীর মতামত এবং অধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে। জলবায়ু সংকট মোকাবিলায় কৃষকবান্ধব ন্যায্য রূপান্তর, খাদ্য সার্বভৌমত্ব ও কৃষিবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষতিপূরণ এবং কৃষকের অধিকার সুরক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি

কন্ট্রিবিউটর, NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর