NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর — 16 November 2026, 11:42 PM
যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে ব্রেক্সিটে: প্রধানমন্ত্রী বার্নহাম

যুক্তরাজ্য যতটা লাভবান হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার সিদ্ধান্তে, তার চেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বলে মন্তব্য করতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। শুক্রবার যুক্তরাজ্য-ইইউ সম্মেলনের আগে সোমবার (১৬ নভেম্বর) লর্ড মেয়রস ভোজসভায় দেওয়া ভাষণে তিনি ব্রেক্সিটের প্রভাব নিয়ে এমন মূল্যায়ন তুলে ধরবেন।
তার বক্তব্য, অপ্রয়োজনীয়ভাবে কঠোর ব্রেক্সিট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন বাধা তৈরি করেছে। আর ‘নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেওয়ার’ যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটিও পূরণ হয়নি।
তবে বার্নহামের বক্তব্য, তার আপত্তি ব্রেক্সিটের সিদ্ধান্তের চেয়ে সেটি যেভাবে কার্যকর করা হয়েছে, তা নিয়ে। তিনি যুক্তরাজ্যের সঙ্গে ইইউর সম্পর্ক নতুন করে গড়ে তুলতে চান। শুক্রবারের সম্মেলনে খাদ্য, জ্বালানি ও তরুণদের চলাচল নিয়ে নতুন চুক্তিতে সই করার কথা রয়েছে। এসব চুক্তির মূল বিষয়বস্তু নির্ধারণ করেছিলেন তার পূর্বসূরি কিয়ার স্টারমার।
সোমবারের ভাষণে বার্নহাম বলবেন, যে কোনো নতুন চুক্তিকে তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, লেবার পার্টির ২০২৪ সালের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। ওই ইশতেহারে একক বাজার, শুল্ক ইউনিয়ন কিংবা মানুষের অবাধ চলাচলের ব্যবস্থায় ফিরে না যাওয়ার কথা বলা হয়েছিল।
দ্বিতীয়ত, চুক্তিকে ‘মেকারফিল্ড পরীক্ষা’য় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব ও দৃশ্যমান উন্নতি আনতে হবে। তৃতীয়ত, ২০১৬ সালের গণভোটে মানুষ যে ধরনের ব্রেক্সিটের কথা ভেবেছিল, নতুন চুক্তি তার কাছাকাছি হতে হবে ও আগের চুক্তির চেয়ে উন্নত হতে হবে।
নতুন সমঝোতার সম্ভাবনাকে ‘উভয় পক্ষের জন্য লাভজনক’ হিসেবে তুলে ধরবেন বার্নহাম। তার ভাষায়, এটি যুক্তরাজ্যের ইউরোপ নীতিতে নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি বলবেন, বিরোধিতামূলক অবস্থান নয়, আর সম্পর্কের সেতু পুড়িয়ে দেওয়া নয়। বরং গঠনমূলক ও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়া- যাতে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করতে পারি।
তবে পরবর্তী সাধারণ নির্বাচনের আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের বড় ধরনের পরিবর্তন আনতে চান না বার্নহাম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বিবিসিকে বলেছেন, যুক্তরাজ্য-ইইউ সম্মেলনের পর যুক্তরাজ্যের সঙ্গে জোটটির দীর্ঘমেয়াদি সম্পর্কের সম্ভাব্য বিকল্পগুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী। বার্নহামও এসব বিকল্পের সুবিধা-অসুবিধা খতিয়ে দেখতে চান বলে জানিয়েছেন।
খাদ্য রপ্তানি ও তরুণদের চলাচলে নতুন সমঝোতা - এ সপ্তাহের সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ২০২৫ সালের মে মাসে করা চুক্তিতে আরও কিছু পরিবর্তন আনার চেষ্টা করবে যুক্তরাজ্য। এতে মাছ ধরার অধিকার, বাণিজ্যসহ বিভিন্ন বিষয় রয়েছে। সম্মেলনের আগে খাদ্য ও কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে ব্রেক্সিট-পরবর্তী সীমান্ত পরীক্ষা তুলে নেওয়ার বিষয়ে একটি খসড়া চুক্তিতে একমত হয়েছে যুক্তরাজ্য ও ইইউ।
ব্রিটিশ সরকারের দাবি, এই সমঝোতা কার্যকর হলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ব্যয় কমবে এবং ক্রেতাদের জন্য পণ্যের দামও কমতে পারে। তবে সমালোচকদের আশঙ্কা, এর ফলে যুক্তরাজ্যকে ইইউর নিয়মকানুন মেনে চলতে হবে, অথচ সেসব নিয়ম তৈরিতে বা অনুমোদনে ভোট দেওয়ার সুযোগ থাকবে না। অর্থাৎ ব্রাসেলসের নিয়মের অনুসারী হয়ে পড়বে ব্রিটেন।
নিঃসরণ বাণিজ্য এবং তরুণদের ভ্রমণ ও কাজের সুযোগ নিয়ে সম্ভাব্য চুক্তির খসড়াও ইইউর সদস্যদেশগুলোর কাছে পাঠানো হয়েছে। কিয়ার স্টারমারের আমলেই এসব চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছিল। তখন কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা বাকি ছিল।
ব্রেক্সিট নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান - ব্রেক্সিটের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকা ও মূল ব্রেক্সিট চুক্তি নিয়ে আলোচনায় নেতৃত্ব দেওয়া বরিস জনসন ইউরোপ নিয়ে নিজের প্রধানমন্ত্রিত্ব ‘নষ্ট না করতে’ বার্নহামকে সতর্ক করেছেন। ডেইলি টেলিগ্রাফকে তিনি বলেছেন, বার্নহাম যদি ব্রেক্সিট নিয়ে আবার গণভোট আয়োজন করেন, তাহলে জনগণ ফের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষেই ভোট দেবে বলে তার বিশ্বাস।
জনসন বলেন, ব্রেক্সিট ইস্যুকে রাজনৈতিক অগ্রাধিকার দিয়ে আরও বড় করে তোলা পাগলামি। এই ইস্যুতে তিনি নিজেকে ও তার দলকে বিপদে ফেলবেন। কারণ বাস্তবতা হলো, মানুষ বোকা নয়। তিনি জিততে পারবেন না।
কনজারভেটিভদের পাশাপাশি রিফর্ম ইউকেও সরকারের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগের সমালোচনা করেছে। দলটির মতে, ব্রেক্সিটের অন্যতম বড় সুবিধা হলো, এখন আর ব্রিটেনকে ইইউর ‘হাস্যকর নিয়মকানুন’ মেনে চলতে হয় না। ইইউর সঙ্গে যে কোনো ধরনের নিয়মগত সামঞ্জস্য দেশটির বাণিজ্যনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও দাবি তাদের।
লিবারেল ডেমোক্র্যাটরা চলতি মাসের শুরুতে খাদ্য রপ্তানি নিয়ে খসড়া চুক্তিকে ‘সমাধান নয়, সাময়িক জোড়াতালি’ বলে মন্তব্য করেছে। দলটির মতে, প্রকৃত সমাধান হলো একক বাজারে ফিরে যাওয়া এবং ইইউর সঙ্গে শুল্ক ইউনিয়ন প্রতিষ্ঠা করা।
অন্যদিকে, ইংল্যান্ড ও ওয়েলসের গ্রিন পার্টি যুক্তরাজ্যকে শুল্ক ইউনিয়নে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। দলটির নেতা জ্যাক পোলানস্কি এর আগে বলেছিলেন, যুক্তরাজ্যের জন্য ইইউর পূর্ণ সদস্যপদই এখনো সবচেয়ে ভালো বিকল্প। সূত্র: বিবিসি
সাব এডিটর, NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর

