গাজায় ত্রাণ পাঠানোর প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাস, হামাসের নিন্দা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শুক্রবার পাস হওয়া ‘গাজা প্রস্তাব’ এর নিন্দা করেছে হামাস। তারা একে অপর্যাপ্ত বলে অভিহিত করেছে। এ প্রস্তাবের মাধ্যমে মূলত গাজায় অধিকহারে ত্রাণ সহায়তা সরবরাহ করার কথাবলা হয়েছে।
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোট দানে বিরত ছিল।
এ প্রস্তাবটি এক সপ্তাহ আগে নিরাপত্তা পরিষদে তুলেছিল সংযুক্ত আরব আমিরাত। প্রস্তাবটির প্রাথমিক খসড়ায় গাজায় ‘অনতিবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা’ পাঠানোর কথা বলা হয়েছিল। কিন্তু এক সপ্তাহ দেরি করিয়ে প্রস্তাবটি থেকে যুদ্ধবিরতির পুরো বিষয়টি মুছে দিতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে যুদ্ধবিরতির কথা না বলায় গাজায় ইসরায়েলের বর্বর হামলা চলতেই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসও পাসকৃত প্রস্তাব নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে এর নিন্দা করেছে। শনিবার ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস বলেছে, ‘গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির যে কথা বলা হচ্ছে সেটি সাধারণ মানুষের প্রয়োজনীয়তা মেটাতে পর্যাপ্ত নয়।’ ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুদ্ধরত হামাস অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছে।
হামাস বলেছে,‘গত পাঁচদিন ধরে, যুক্তরাষ্ট্রের প্রশাসন এই প্রস্তাবটির অস্তিত্ব (যুদ্ধবিরতি) খালি ও এমন দুর্বল আকারে প্রকাশ করতে কঠোর পরিশ্রম করেছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায় ইচ্ছার বিরুদ্ধে গেছে এবং জাতিসংঘের সাধারণ পরিষদ আমাদের অসহায় সাধারণ মানুষকে ইসরায়েলের আগ্রাসন থেকে বাঁচাতে যে চেষ্টা চালাচ্ছে, সেটির বিরুদ্ধে গেছে।’
গত ৭ অক্টোবর থেকে ৭৮ দিন যাবত ইসরায়েল গাজায় নির্বিচার হামলা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। এতে অন্তত ২০ হাজার ৫৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ হাজার ৩২০ জন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি