পাকিস্তানের করাচিতে একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। শুক্রবার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টার কিছু পরে করাচির লিয়ারি এলাকার একটি পুরোনো ভবনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকাজ এখনো চলছে। উদ্ধারকারী দল জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও আট থেকে দশজনের মতো মানুষ আটকা পড়ে থাকতে পারেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আরিফ আজিজ জানান, ভবনটিতে প্রায় ১০০ জনের বসবাস ছিল। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনটির গঠন দুর্বল ছিল এবং সেটি নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বিপজ্জনক হয়ে উঠেছিল।”
ভবনের বাসিন্দা শংকর কামহো (৩০) বলেন, “আমার স্ত্রী ফোন করে জানান ভবনে ফাটল দেখা দিয়েছে। আমি তাকে দ্রুত বেরিয়ে যেতে বলি। তিনি আমাদের মেয়েকে নিয়ে নিচে নেমে আসেন। মাত্র ২০ মিনিট পরই পুরো ভবনটি ধসে পড়ে।”
শংকর আরও জানান, তার স্ত্রী বিষয়টি প্রতিবেশীদের সতর্ক করলেও কেউ গুরুত্ব দেয়নি। এক নারী তখন বলেছিলেন, ভবনটি আরও ১০ বছর টিকবে।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া এধি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাদ এধি এএফপিকে বলেন, “ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। আমরা আগেও এমন পুরনো ভবন ধসের ঘটনার মুখোমুখি হয়েছি।”
করাচির লিয়ারি এলাকা অতীতে সহিংসতায় জর্জরিত ছিল, এবং এখনও সেখানে বহু অবৈধ ও জরাজীর্ণ ভবন দাঁড়িয়ে আছে। প্রশাসনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে এমন দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন।
