এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় নেতা ইমরান খানের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তাঁকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আটক রাখা হলেও, টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁর সঙ্গে কোনো স্বজন বা দলের নেতাকর্মীর দেখা করতে দেওয়া হচ্ছে না। এমন অদ্ভুত পরিস্থিতিতে অনলাইনে ইমরান খানের মৃত্যুর মত ভয়ঙ্কর গুজবও দ্রুত ছড়িয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ইমরান খানের পরিবার। তাঁর ছেলে কাসিম খান স্পষ্ট ভাষায় অভিযোগ করেছেন, "কারা কর্তৃপক্ষ সম্ভবত ইমরান খানের বর্তমান প্রকৃত অবস্থা সম্পর্কে কোনো সত্য গোপন করছে।" পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দীর্ঘ সময়ে সরাসরি কিংবা বিশ্বাসযোগ্য কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি, যা তাদের জন্য চরম মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আদালতের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, ইমরান খানের সঙ্গে প্রতি সপ্তাহে তাঁর পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ থাকতে হবে। কিন্তু সেই আদেশ উপেক্ষা করে গত তিন সপ্তাহ ধরে কারাগার কর্তৃপক্ষ কারাগারের বাইরে থাকা তাঁর স্বজনদেরও ভেতরে ঢুকতে দিচ্ছে না। এমনকি ইমরান খানের তিন বোন একবার কারাগারের গেটের সামনে প্রায় ১২ ঘণ্টা অবস্থান করার পরও তাঁকে দেখতে পারেননি; বরং পুলিশ জোর করে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
এমন অনিশ্চয়তা ও তথ্য আড়াল করার ফলে দেশ-বিদেশে নানা রকম গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকের ধারণা, ইমরান খানকে গোপনে কারাগার থেকে অন্য কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আবার অনেকে তাঁর মৃত্যুর ভিত্তিহীন গুজবও ছড়াচ্ছেন।
এ অবস্থায় গত বুধবার কারা কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে সব ধরনের গুজব উড়িয়ে দেয়। তাদের দাবি, ইমরান খান এখনো আদিয়ালা কারাগারেই রয়েছেন এবং তিনি পুরোপুরি সুস্থ আছেন।
তবে ছেলে কাসিম খানের কথায় উঠে এসেছে পরিবারের বেদনা। তিনি একটি লিখিত বিবৃতিতে মর্মস্পর্শী প্রশ্ন রেখেছেন, "আপনার বাবা নিরাপদে আছেন, নাকি আহত হয়েছেন, অথবা আদৌ তিনি বেঁচে আছেন কি না, সেই মৌলিক তথ্যটুকুও জানতে না পারাটা একপ্রকার মানসিক অত্যাচার।"