বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত পালিয়ে গেছেন এক মোটরসাইকেল আরোহী। ওই সময় গাড়িতেই ছিলেন তারেক রহমান, সঙ্গে ছিল তার নিজস্ব নিরাপত্তা বহরও।
ঘটনাটি ঘটে গত বুধবার রাত পৌনে ১২টার দিকে, রাজধানীর গুলশানের ৬৫ নম্বর সড়কে। তখন নিজের কার্যালয় থেকে গাড়িতে করে বাসার পথে ছিলেন বিএনপি চেয়ারম্যান।
এই ঘটনায় গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে চার দিন পেরিয়ে গেলেও ওই মোটরসাইকেল বা চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। খামের ভেতরে কী ছিল, সে বিষয়েও এখনো কোনো তথ্য জানানো হয়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়িতে স্কচটেপ দিয়ে খামটি লাগিয়ে টান দিয়ে চলে যায়। কেন বা কী উদ্দেশ্যে এমন করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
তিনি আরও বলেন, সাদা রঙের একটি হিরো হাংক মোটরসাইকেলে একজনই আরোহী ছিলেন। ঘটনাস্থলের একটি ভিডিও পাওয়া গেছে, তবে সেটি খুব পরিষ্কার নয়। ভিডিওতে দেখা যায়, ৬৫ নম্বর সড়কে গাড়িতে খাম লাগানোর পর মোটরসাইকেলটি আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। ওই সময় তারেক রহমানের গাড়িবহরে তার নিজস্ব নিরাপত্তা দল সিএসএফও উপস্থিত ছিল।
এ বিষয়ে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম বলেন, ঘটনার তদন্ত চলছে। খামের ভেতরে কী লেখা ছিল বা কী ছিল, সে তথ্য পুলিশকে জানানো হয়নি। খামটি বর্তমানে সিএসএফের হেফাজতে রয়েছে।
