NBS Bangla — 22 November 2026, 1:28 AM
সুকান্তের জন্ম শতবার্ষিকীতে চারণের আলোচনা সভা: শোষণ-বঞ্চনার বিরুদ্ধে কবিতার অনুপ্রেরণা
সুকান্তের জন্ম শতবার্ষিকীতে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আলোচনা সভা। শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে কবিতার অনুপ্রেরণা নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন।

চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর ২০২৬ বিকাল ৪টায় সেগুনবাগিচার ভ্যানগার্ড মিলনায়তনে এই আয়োজন হয়। সংগঠনটি জানিয়েছে, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে সুকান্তের কবিতা আজও অনুপ্রেরণার উৎস।
চারণের কেন্দ্রীয় সভাপতি নিখিল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, চারণের সহ-সভাপতি কবি কামরুজ্জামান ভূঁইয়া ও আব্দুল্লাহ আল মামুন তাজু। সঙ্গীত পরিবেশন ও আবৃত্তিতে ছিলেন চারণের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল কুমার দাস, অর্থ সম্পাদক শাহীনা সুলতানা দিজু, প্রদীপ সরকারসহ শিল্পীবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, “কবি সুকান্ত মাত্র ২১ বছরের জীবনে সাহিত্য সৃষ্টির মাধ্যমে বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রেখেছেন।” গণমানুষের কবি সুকান্ত কবিতা ছাড়াও গান, গল্প, নাটক এবং প্রবন্ধ লিখেছেন। ৮/৯ বছর বয়স থেকেই তিনি লেখা শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তেতাল্লিশের মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন ও সম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে তিনি কলম ধরেন। তিনি ১৯৪৪ সালে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পী সঙ্ঘের পক্ষে ১৯৪৪ সালে ‘আকাল’ নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন।
তাঁর ‘আঠারো বছর বয়স’, ‘ছাড়পত্র’, ‘হে মহাজীবন’, ‘রানার’, ‘দেশলাই কাঠি’ কবিতা সকল সংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছে। মার্কসবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে তিনি সাহিত্যে স্বতন্ত্র স্থান করে নেন।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশে আজ ভয়াবহ পরিস্থিতি চলছে। দ্রব্যমূল্য জনগণের আয়ত্তের বাইরে। বিদ্যুৎ, এলপিজিসহ জ্বালানির দাম দফায় দফায় বাড়ছে। বেকারত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনগণের নিরাপত্তাহীনতা বাড়ছে। আমেরিকার সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তির নেতিবাচক প্রভাব কৃষি ও শিল্পসহ গোটা অর্থনীতিতে পড়ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে। ন্যূনতম মজুরি দাবিতে শ্রমিকরা রাজপথে জীবন দিচ্ছে। পুঁজিবাদী শাসন-শোষণে দেশের মানুষ দিশেহারা। ফলে শোষিত মানুষের অধিকারের সংগ্রাম গতিশীল করা ও পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থা উচ্ছেদের লড়াই জোরদার করতে কবি সুকান্তের সাহিত্যকর্ম আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
নেতৃবৃন্দ বলেন, কবি সুকান্তের কবিতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সাহস যুগিয়েছিল; তেমনি ‘৯০ ও ‘২৪-এর গণঅভ্যুত্থানেও রাজপথে তরুণ ছাত্র-যুবকদের উদ্বুদ্ধ করেছিল। সুকান্তের সাহিত্যকর্ম থেকে শিক্ষা নিয়ে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্র-যুবকসহ দেশবাসীকে সামিল হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
কন্ট্রিবিউটর, NBS Bangla

