NBS Bangla — 21 November 2026, 12:44 PM
প্রধানমন্ত্রী তারেক রহমান
মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার নিয়েছে ইতিবাচক পদক্ষেপ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। সশস্ত্র বাহিনী দিবস ২০২৬-এ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে বিএনপি যতবারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।
শনিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, "মুক্তিযুদ্ধের গৌরব ও মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত রাখতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন। প্রমাণিত হয়েছে, এটি ছিল একটি সময়োপযোগী একটি সিদ্ধান্ত। ২০০২ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন।"
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নিজেও গর্বিত।
মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাকে আন্দোলিত করে। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথাও স্মরণ করেন।
ভবিষ্যৎ অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সাহসে অর্জিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, "সময়ের নিয়মে বীর মুক্তিযোদ্ধাদের অনেকে আজ বয়সের ভারে ক্লান্ত।
জীবনসায়াহ্নে এসে তাদের এখনো চোখে স্বাধীনতার সেই দীপ্তি জ্বলজ্বল করছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করে আসছে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ।"
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের সংবর্ধনা এবং সম্মানী দেওয়ার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়। তাদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।
তারেক রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য অনুযায়ী ও সামর্থ্য সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।
স্টাফ রিপোর্টার, NBS Bangla
Related News

দেশে সহিংসতা বাড়ার মধ্যে শেখ হাসিনা ও ভারতকে দায়ী করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সহিংসতা বাড়ার জন্য ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকে দায়ী করেছেন। স্বৈরশাসক…

তিন বছরে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

দীর্ঘস্থায়ী সংকটে রোহিঙ্গা আশ্রয়শিবিরে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ কমছে
স্থানীয় জনগোষ্ঠীর তরুণদের জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত






