NBS Bangla — 22 November 2026, 12:50 PM
‘অম্বা ও ভীষ্ম’ মঞ্চস্থ হচ্ছে লন্ডনে
মহাভারতের অম্বা ও ভীষ্মের কাহিনী নিয়ে ‘অম্বা ও ভীষ্ম’ নাটক আজ লন্ডনে মঞ্চস্থ হচ্ছে।

মহাভারতের অম্বা ও ভীষ্মের সম্পর্ক, প্রত্যাখ্যান ও প্রতিশোধের কাহিনী নিয়ে ‘অম্বা ও ভীষ্ম’ নাটক রবিবার, ২২ নভেম্বর লন্ডনে মঞ্চস্থ হচ্ছে। বাংলা মুভমেন্ট থিয়েটার লন্ডনের আয়োজনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে নাটকটি পরিবেশিত হবে।
নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন ড. মুকিদ চৌধুরী। অভিনয়, মুভমেন্ট ও সরাসরি সংগীতের সমন্বয়ে তৈরি প্রযোজনাটিতে প্রাচ্য ও পাশ্চাত্যের সুরের মিশ্রণ রাখা হয়েছে।
সংগীত পরিবেশন করবেন এসরাজে মাজহার আলি শেখ, চেলোতে হারভি গিবনস, তবলায় পিয়াস বড়ুয়া, বাঁশিতে বায়েজিদ কবির সাদি, ড্রামসে শুভজিৎ সাহা এবং গিটারে সাঈদ হামিদ। কণ্ঠে থাকছেন প্রত্যাশা দাস পূজা। সঙ্গে থাকবে জৌচেপ্পে মাস্ত্রোইয়ান্নির ইতালীয় কবিতা।
কথক চরিত্রে অভিনয় করছেন ড. সুতপা ধর। ভীষ্মের চরিত্রে থাকছেন পার্থ সারথি রায়। অম্বা ও শিখণ্ডীর চরিত্রে অভিনয় করছেন মৌসুমী সামন্ত।
অন্যান্য চরিত্রে আছেন সানজিদ কবির সানি (শান্তনু ও পরশুরাম), তাহিরা জিন্নিয়া (গঙ্গা), সাদিয়া সাবা (সত্যবতী), আবু সুফিয়ান (কাশীরাজ ও মার্শাল আর্ট), সৈকত দত্ত (কুহুক, শরশয্যা ও দেবতাগণ) এবং এপি দেব সরকার (দেবীগণ)।
মঞ্চপরিকল্পনায় শাহাব আহমেদ বাচ্চু, আলোক পরিকল্পনায় সুনা মিয়া এবং ইংরেজি বর্ণনায় ড. হাসনীন চৌধুরী। প্রযোজনা সহযোগী জায়েম খন্দকার এবং ফ্রন্ট অফ দি হাউসের দায়িত্বে অনুভা রওনক হক সৈয়দ।
নাটকের কাহিনীতে ভীষ্মের প্রত্যাখ্যানে অম্বার জীবন সংকটে পড়ে। সেখান থেকে জন্ম নেয় ন্যায়বিচার ও প্রতিশোধের আকাঙ্ক্ষা, যা শেষে তাঁকে শিখণ্ডীর পরিচয়ে নিয়ে যায়।
প্রযোজনাটি রূপান্তর ও পরিচয়ের প্রশ্ন তুলে ধরে। এতে ভীষ্মের অটল প্রতিজ্ঞাকে কর্তব্যনিষ্ঠা এবং কঠোর আদর্শ ও মানবিক সহমর্মিতার সংঘাতের প্রতীক হিসেবে দেখানো হয়েছে।
আয়োজকেরা জানান, প্রযোজনাটির মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য ও সমকালীন শিল্পভাবনার মধ্যে সংলাপ তৈরি করতে চান তাঁরা। নাটকটি নানা প্রজন্ম, সংস্কৃতি ও সম্প্রদায়ের দর্শকের জন্য উন্মুক্ত।
কন্ট্রিবিউটর, NBS Bangla

