এনএসইউ–ইউএসডিএনের উদ্বোধনী শিক্ষার্থী সংলাপে তরুণ নেতৃত্ব ও জনসেবার আলোচনা

ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্ক (ইউএসডিএন) ও নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) যৌথভাবে তরুণ নেতৃত্ব, নাগরিক দায়বদ্ধতা…

Published: Updated: 1 views
এনএসইউ–ইউএসডিএনের উদ্বোধনী শিক্ষার্থী সংলাপে তরুণ নেতৃত্ব ও জনসেবার আলোচনা
— Photo: এনএসইউ
Share:

ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্ক (ইউএসডিএন) ও নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) যৌথভাবে তরুণ নেতৃত্ব, নাগরিক দায়বদ্ধতা ও জনসেবা নিয়ে একটি শিক্ষার্থী সংলাপ আয়োজন করেছে। ‘লিডারশিপ বিয়ন্ড বর্ডারস: এমপাওয়ারিং দ্য নেক্সট জেনারেশন থ্রু পাবলিক সার্ভিস’ শীর্ষক ইউএসডিএনের উদ্বোধনী সংলাপটি রোববার, ২২ নভেম্বর এনএসইউর সিন্ডিকেট হলে অনুষ্ঠিত হয়।

সংলাপে বক্তারা তরুণদের জনসেবায় সম্পৃক্ত হওয়া, সীমান্তপেরোনো সুযোগ এবং নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মার্কিন কূটনীতিক ও হিন্টন স্ট্র্যাটেজিক পার্টনার্সের প্রতিষ্ঠাতা সাবিন হিন্টন।

সাবিন হিন্টন শিক্ষার্থীদের জনসেবাকে নিজ সম্প্রদায় ও দেশের সেবা করার সুযোগ হিসেবে দেখতে বলেন। কূটনৈতিক পেশা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশের পররাষ্ট্রসেবায় যোগ দিলে সেটিকে দেশসেবার সুযোগ হিসেবে গ্রহণ করুন।”

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন তিনি। প্রযুক্তি ব্যবহারে বিচক্ষণতা, অনুসন্ধিৎসা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “প্রশ্ন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসডিএনের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রাদওয়ান চৌধুরী এবং সহপ্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ার শেখ গালিব রহমান। উদ্বোধনী বক্তব্যে রাদওয়ান চৌধুরী যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীজীবন থেকে পেশাগত ও নাগরিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।

ভিন্ন পটভূমির তরুণদের জননেতৃত্বে অংশ নেওয়ার সুযোগ তৈরির গুরুত্ব বলে তিনি বলেন, “আমরা পরবর্তী প্রজন্মকে কিছু ফিরিয়ে দিতে পারি।” তিনি শিক্ষার্থীদের জননীতি বোঝার, সংলাপে অংশ নেওয়ার এবং নিজ নিজ সমাজে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

শেখ গালিব রহমান অনুষ্ঠানের সূচনাপর্ব সঞ্চালনা করেন। তিনি নেতৃত্ব বিকাশ এবং বাংলাদেশি প্রবাসীদের জন্য পেশাগত অগ্রগতি ও জনজীবনে সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরিতে ইউএসডিএনের অঙ্গীকারের কথা বলেন।

আলোচনায় অংশ নেন এনএসইউর রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ার অধ্যাপক রিজওয়ান খায়ের এবং একই বিভাগের প্রভাষক মো. মাজহার উদ্দিন ভূঁইয়া। অধ্যাপক রিজওয়ান খায়ের বলেন, কার্যকর নেতৃত্বের জন্য মানুষের কথা শোনা, আস্থা অর্জন এবং সমাজের উন্নয়নে দীর্ঘমেয়াদি অঙ্গীকার জরুরি।

তিনি বলেন, “নেতাদের মানুষের কথা শুনতে হবে। মানুষের তাঁদের ওপর আস্থা থাকতে হবে, যাতে তাঁরা মন খুলে কথা বলতে পারেন।” তিনি শিক্ষার্থীদের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখার সক্ষমতার ওপর বিশ্বাস রাখতে উৎসাহিত করেন।

মূল আলোচনাপর্ব সঞ্চালনা করেন এসআইপিজির পরিচালক অধ্যাপক এসকে তৌফিক এম. হক। তিনি আন্তর্জাতিক নেতৃত্বের সুযোগ ও চ্যালেঞ্জ, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার এবং বৃহত্তর বিশ্বপরিসরে বাংলাদেশের তরুণদের সম্পৃক্ত হওয়ার বিষয়গুলো তুলে ধরেন।

মো. মাজহার উদ্দিন ভূঁইয়া শিক্ষা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার মাধ্যমে নেতৃত্বের দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমাদের নতুন নেতাদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ প্রয়োজন।”

সমাপনী বক্তব্য দেন এনএসইউর উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) অধ্যাপক নেছার ইউ. আহমেদ। তিনি শিক্ষার্থীদের এমন ব্যক্তিদের জীবন ও কাজ থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান, যাঁদের চিন্তা ও উদ্যোগ সমাজে পরিবর্তন এনেছে।

চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়ে নেতৃত্ব গড়ে ওঠার প্রসঙ্গে তিনি বলেন, “একটি ধারণা বিশ্বকে বদলে দিতে পারে।” তিনি নতুন প্রজন্মকে স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে অর্থবহ কাজে রূপ দেওয়ার আহ্বান জানান।

প্রশ্নোত্তর পর্বে কূটনৈতিক পেশা, শিক্ষা ও সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা, ইউএসডিএন ও এসআইপিজির মধ্যে সহযোগিতার সম্ভাবনা এবং পরিবর্তনশীল রাজনৈতিক ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়। সংলাপে তরুণদের সীমান্তের বাইরেও সংযুক্ত করা এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলায় ধারাবাহিক একাডেমিক ও নাগরিক মতবিনিময়ের গুরুত্ব উঠে আসে।

সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি

কন্ট্রিবিউটর, NBS Bangla

Related News