NBS Bangla | 24/7 Latest Bangla News Updates | Etc News — 19 November 2026, 5:15 PM
নর্থ সাউথ ইউনিভার্সিটি এনএসইউ ডিবেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো এনএসইউ পোডিয়াম ২০২৬

নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (NSUDC)-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তাদের ফ্ল্যাগশিপ ইন্টারক্লাব বিতর্ক প্রতিযোগিতা এনএসইউ পোডিয়াম ২০২৬। দুই পর্বের এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিতর্ক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিকদের নিজেদের যুক্তি, বিশ্লেষণী দক্ষতা ও বিতর্কের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি পারস্পরিক মতবিনিময়ের সুযোগ করে দেয় এই আয়োজন।
প্রতিযোগিতাটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে বাংলা ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক পর্ব অনুষ্ঠিত হয় ৬ ও ৭ নভেম্বর এবং ইংরেজি ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক পর্ব অনুষ্ঠিত হয় ১৩ থেকে ১৫ নভেম্বর। দুটি পর্বের মধ্য দিয়ে এনএসইউ পোডিয়াম ২০২৬ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকদের একত্রিত করে বাংলাদেশের বিতর্কাঙ্গনের বৈচিত্র্য ও সম্ভাবনাকে তুলে ধরে।
বাংলা পর্বে ওপেন ও হাই স্কুল—উভয় বিভাগেই অনুষ্ঠিত হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক। ওপেন ক্যাটাগরির গ্র্যান্ড ফাইনালে BUP B-এর হয়ে অংশগ্রহণকারী আহনাফ কামরান ত্বকি ও গাজী মাহতাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অন্যদিকে, NSU 1-এর আতিকুর রহমান ও সাদমান সাকিব মাহি রানার্স-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন। এ ছাড়া BRAC 1-এর শাহেদ কল্লোল ও ফেরদৌস নিপুণ এবং UCSI 1-এর কাজী কাভি নওয়াজ আলোক ও এসকে তানজিনুর হোসাইন সায়মা ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন। হাই স্কুল ক্যাটাগরিতে NDDC Alpha-এর সানজিদ ইসলাম ও জাবির চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
এই বিভাগের অন্যান্য ফাইনালিস্ট ছিল NDDC Beta-এর রিশাদ শাবাব ও মো. তাইহান আহমেদ, MMDS Isobar-এর তানফিজ আহনাফ তুরাশ ও রাইয়ান কবির এবং DCDS DNA-এর আশিক রাফি ও সাইমন শাহী।
ইংরেজি পর্বে ১৩ থেকে ১৫ নভেম্বর উভয় বিভাগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতামূলক বিতর্কের বিভিন্ন রাউন্ড। ১৩ নভেম্বর প্রতিযোগিতায় কোর অ্যাডজুডিকেটর হিসেবে যুক্ত হন মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার রেমন্ড কিমুরা (Raymond Kimura)। তিনি UADC 2026-এর ওপেন সেমিফাইনালে পৌঁছানোর পাশাপাশি তৃতীয় সেরা বক্তা হওয়ার কৃতিত্ব অর্জন করেন এবং ABP 2026-এ টপ ব্রেক অর্জন করেন। প্রতিযোগিতা চলাকালে তিনি “Debating on Malaysia” শীর্ষক একটি বিশেষ সেশন পরিচালনা করেন। সেশনে অংশগ্রহণকারীরা মালয়েশিয়ার রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ ও জাতীয় ইস্যুভিত্তিক বিতর্ক প্রস্তাবনা নিয়ে আলোচনার বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে পারেন।
মালয়েশিয়াকেন্দ্রিক বিষয়বস্তুর প্রেক্ষাপট অনুধাবন, তথ্যভিত্তিক যুক্তি নির্মাণ এবং প্রাসঙ্গিক বিশ্লেষণ উপস্থাপনের ক্ষেত্রে সেশনটি অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে ওঠে।
ইংরেজি ওপেন ক্যাটাগরির গ্র্যান্ড ফাইনালে NSU A-এর রাফিউশ সাফিন ও সাদমান চৌধুরী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অন্যদিকে, BUP B-এর পূর্ণ বিশ্বাস ও অভ্র পল্লব নন্দী রানার্স-আপ হন। এ ছাড়া BRAC B-এর শরাফ আহমেদ ও নাফিউল নাফিস এবং BRAC A-এর অঙ্কিতা দে ও সিয়াম মারজান ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন। হাই স্কুল ক্যাটাগরিতে MCPDC A-এর প্রলয় চারুশী ও মোহাম্মদ সাজিদ সাদমান চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন। এই বিভাগের অন্যান্য ফাইনালিস্ট ছিল ACC 3-এর সাদিয়া সাইফ আনিকা ও সামিরা মাহনুর, DCRC Prome-এর সাহিবুল ইমিন ও অরিত্র সামুন্ড এবং Vulnerable Steak Hoarders-এর ফারহানা রহমান ও প্রাণন চাকমা।
এনএসইউ পোডিয়াম ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে ও সমাপনী অনুষ্ঠান ১৫ নভেম্বর ক্রাউন প্লাজা বাই আইএইচজি, ঢাকা এয়ারপোর্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার জনাব ওমর নাসিফ আব্দুল্লাহ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাধিক সম্মানিত শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনটির গুরুত্ব ও মর্যাদা আরও বৃদ্ধি করেন।
প্রতিযোগিতার প্রতিটি রাউন্ডের মান বজায় রাখা এবং বিতার্কিকদের যুক্তি ও উপস্থাপনার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক বিতর্ক অঙ্গনে অভিজ্ঞ ও দক্ষ বিচারকদের সমন্বয়ে অ্যাডজুডিকেশন প্যানেল গঠন করা হয়। তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা ও মূল্যায়ন পুরো প্রতিযোগিতাকে আরও সমৃদ্ধ করে তোলে এবং প্রতিযোগিতার মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আট বছর পর এনএসইউ পোডিয়াম ২০২৬-এর প্রত্যাবর্তন নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের বিতর্কচর্চার প্রসার, নতুন বিতার্কিকদের জন্য সুযোগ সৃষ্টি এবং দেশের বিতর্কাঙ্গনকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে। কেবল একটি প্রতিযোগিতা নয়, এনএসইউ পোডিয়াম ২০২৬ হয়ে উঠেছিল অভিজ্ঞ ও নবীন বিতার্কিকদের মিলনমেলা, যেখানে যুক্তি, মতবিনিময়, প্রতিযোগিতা ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে বিকশিত হয়েছে বিতর্কের সংস্কৃতি। যুক্তি, প্রতিযোগিতা ও চিন্তার শক্তিকে উদ্যাপনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে এনএসইউ পোডিয়াম ২০২৬।
কন্ট্রিবিউটর, NBS Bangla | 24/7 Latest Bangla News Updates | Etc News





