NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর — 18 November 2026, 6:07 PM
এনএসইউ-তে বাংলাদেশ ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট ২০২৬ অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সোশ্যাল বিজনেস সেন্টার, গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স (জিবিসিসি) এবং জেন বাংলাদেশ-এর সহযোগিতায়, ‘দ্য ওয়ার্ল্ড নিডস হোয়াট ইউ বিল্ড’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট (বিওয়াইএসএস) ২০২৬ আয়োজন করা হয়। ১৭ নভেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ উইক বাংলাদেশ ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত এই সামিটে ব্যবসা গড়ে তোলার বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনার জন্য সম্ভাবনাময় উদ্যোক্তা এবং অভিজ্ঞ ব্যবসায়ী নেতারা একত্রিত হন। এসময় উদ্যোক্তাদের প্রতিষ্ঠাতা-জীবনের গল্প, বিশ্ববিদ্যালয় থেকে স্টার্টআপে উত্তরণ, ব্যবসার সম্প্রসারণ এবং অর্থায়ন—প্রতিটি অধিবেশন উদ্যোক্তা হয়ে ওঠার যাত্রার ভিন্ন ভিন্ন দিক তুলে ধরা হয়।
এনএসইউ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জনাব বেনজীর আহমেদ বলেন, একটি দেশের অর্থনীতির শক্তি নির্ভর করে তার উদ্যোক্তাদের ওপর। ব্যবসা ও প্রতিষ্ঠান গড়ে তোলার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি উল্লেখ করেন, প্রতিটি বড় উদ্যোগের শুরু হয় একটি সাধারণ ধারণা এবং সেটি বাস্তবায়নের সাহস থেকে। পথ কঠিন হলেও তিনি তরুণদের ধৈর্যশীল ও সৎ থাকতে এবং কাজ চালিয়ে যেতে আহ্বান জানান।
জেন বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. মো. সবুর খান, উদ্যোক্তা হওয়ার যাত্রার বাস্তবতা তুলে ধরেন। তিনি বলেন, ধারণাটির মতোই সাহস ও অধ্যবসায় গুরুত্বপূর্ণ। তরুণ উদ্যোক্তাদের তিনি মনে করিয়ে দেন, দীর্ঘস্থায়ী কিছু গড়ে তোলার পথে বাধা-বিপত্তি আসা স্বাভাবিক।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চর্চা গড়ে তোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের কথা বলেন। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়কে শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।
জেন বাংলাদেশ এবং এনএসইউ সোশ্যাল বিজনেস সেন্টারের পরিচালক অধ্যাপক রফিউদ্দিন আহমেদ বলেন, উদ্যোক্তা কার্যক্রমের লক্ষ্য হওয়া উচিত শুধু মুনাফা নয়, সমাজের জন্য মূল্য সৃষ্টি করা। তিনি শিক্ষার্থীদের আশপাশের সমস্যাগুলোকে অর্থবহ কিছু গড়ে তোলার সুযোগ হিসেবে দেখতে উৎসাহিত করেন।
গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স—জিবিসিসি-এর সভাপতি ও সহ-প্রতিষ্ঠাতা জনাব কাজী এম. আহমেদ স্থানীয় উদ্যোক্তা এবং আন্তর্জাতিক বাজারের মধ্যে আরও শক্তিশালী সংযোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, যথাযথ দিকনির্দেশনা ও অংশীদারত্ব পেলে বাংলাদেশের তরুণেরা বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম উদ্যোগ গড়ে তুলতে পারেন।
সাজগোজ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ. প্রীতি প্রতিযোগিতামূলক বাজারে একটি ব্র্যান্ড গড়ে তোলার বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি তরুণ প্রতিষ্ঠাতাদের, বিশেষ করে নারীদের, প্রতিকূলতার মধ্যেও দৃঢ় থাকতে এবং নিজেদের লক্ষ্যে আস্থা রাখতে উৎসাহিত করেন।
বাংলাদেশ ম্যানেজমেন্ট কনসালট্যান্ট-এর সভাপতি জনাব মার্ক আনুপম মল্লিক কৌশল, শৃঙ্খলা এবং বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। তিনি সম্ভাবনাময় উদ্যোক্তাদের সতর্কভাবে পরিকল্পনা করতে, ব্যর্থতা থেকে শিখতে এবং নিজেদের ক্রমাগত উন্নত করতে পরামর্শ দেন।
এনএসইউ স্টার্টআপস নেক্সট-এর পরিচালক জনাব স্যামুয়েল মুরসালিন প্রাথমিক পর্যায়ের স্টার্টআপের জন্য ইনকিউবেশন ও মেন্টরশিপসহ বাস্তবসম্মত পথ নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের ছোট পরিসরে শুরু করতে, দ্রুত নিজেদের ধারণা যাচাই করতে এবং কাজ চালিয়ে যেতে আহ্বান জানান।
আলোচনাগুলো একটি বিষয় স্পষ্ট করেছে: একটি ভালো ধারণা থাকাই কেবল শুরু। টেকসই কিছু গড়ে তুলতে প্রয়োজন দৃঢ়তা, বিচক্ষণ সিদ্ধান্ত, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা এবং নিয়মিত শেখার মানসিকতা। বিওয়াইইএস ২০২৬ তরুণদের পাঠ্যবইয়ের বাইরেও শেখার এবং নিজেদের উদ্যোগ গড়ে তুলেছেন—এমন ব্যক্তিদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা শোনার সুযোগ করে দিয়েছে।
কন্ট্রিবিউটর, NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর




