NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর — 17 November 2026, 6:16 PM
তরুণদের নেতৃত্বে গবেষণা ও উদ্ভাবন বাড়াতে এনএসইউ ও আইজিসি ফাউন্ডেশনের সমঝোতা স্মারক সাক্ষর

তরুণদের অগ্রাধিকারমূলক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যৌথ গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন-আইজিসি ফাউন্ডেশনের মধ্যে আজ মঙ্গলবার এনএসইউতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এসময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং আইজিসি ফাউন্ডেশনের উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশের অগ্রগতিতে তরুণ ও নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের তরুণ ও নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারাই বাংলাদেশের জনমিতিক লভ্যাংশের মূল প্রাণশক্তি।’ আইজিসি ফাউন্ডেশন ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যকার কৌশলগত এই অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে জাতীয় নীতিনির্ধারণ ও দেশ গঠনের মূলধারায় যুক্ত করার একটি সরাসরি মাধ্যম তৈরি হলো বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ দেশে উপযুক্ত সুযোগ তৈরির মাধ্যমে মেধা পাচার রোধে এই অংশীদারত্বের সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আইজিসি ও নর্থ সাউথ ইউনিভার্সিটিকে একসঙ্গে যুক্ত করার মধ্য দিয়ে আমরা “তরুণদের নেতৃত্বে তরুণদের জন্য” উদ্ভাবনের একটি পরিবেশ বা ইকোসিস্টেম গড়ে তুলছি।’ মেধাবীদের বিদেশে চলে যাওয়ার পেছনের ‘পুশ ফ্যাক্টর’ বা তাড়নাগুলোকে দেশের ভেতরে শক্তিশালী ‘পুল ফ্যাক্টর’ বা আকর্ষণ দিয়ে প্রতিস্থাপন করাই এই উদ্যোগের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে দেশে সঠিক সুযোগ তৈরি করে বাংলাদেশের ‘ব্রেইন ড্রেইন’ বা মেধা পাচারকে স্থায়ী ‘ব্রেইন গেইন’ বা মেধা সম্পদে রূপান্তর করা সম্ভব হবে।
আইজিসি ও এনএসইউর মধ্যে একাডেমিক বিনিময় এবং জ্ঞান আদান-প্রদান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক হান্নান চৌধুরী। তিনি বলেন, এর ফলে এনএসইউর শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইজিসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুর রহমান, এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, এনএসইউর উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) অধ্যাপক নেছার ইউ. আহমেদ, এনএসইউর কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বুলবুল সিদ্দিকী এবং সময় নিউজের এডিটর ও আইজিসি ফাউন্ডেশনের উপদেষ্টা পর্ষদের সদস্য ইমামুল হক শামীম।
এই চুক্তির আওতায় তরুণদের ক্ষমতায়নকে কেন্দ্র করে যৌথ একাডেমিক উদ্যোগ ও প্রকাশনা এগিয়ে নিতে উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।
কন্ট্রিবিউটর, NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর




