NBS Bangla — 20 November 2026, 2:30 AM
রেকর্ড চাল উৎপাদনের পরও সংকটে ভারত, বাড়ছে ভর্তুকি ও মজুতের চাপ

আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, একসময় নিজ জনগণের খাদ্যচাহিদা মেটাতেই হিমশিম খাওয়া ভারত এখন বিশ্বের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী দেশ। তবে রেকর্ড উৎপাদন ও বিপুল উদ্বৃত্ত সত্ত্বেও চালের ভর্তুকি, মজুত ও রপ্তানি নিয়ে নতুন অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যগুলোর যোগাযোগসংক্রান্ত নথি পর্যালোচনা এবং ১০ জন সরকারি কর্মকর্তা ও এক ডজনের বেশি বিজ্ঞানীর সাক্ষাৎকারের ভিত্তিতে এই অনুসন্ধান চালায় রয়টার্স। এতে দেখা যায়, ভারতের কেন্দ্রীয় খাদ্য ভর্তুকির মোট ব্যয়ের দুই-তৃতীয়াংশের বেশি এখন চালের পেছনে ব্যয় হচ্ছে। গত এক দশকে দেশটির খাদ্য ভর্তুকির ব্যয় দ্বিগুণেরও বেশি বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ২৮ হাজার কোটি রুপি বা ২৪১০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
কৃষি অর্থনীতিবিদ এবং কৃষিপণ্যের মূল্য নির্ধারণে সরকারের সাবেক উপদেষ্টা অশোক গুলাটি বলেন, "বাস্তবে আমরা করদাতাদের অর্থ দিয়ে বিদেশি ভোক্তাদের ভর্তুকি দিচ্ছি।" তাঁর মতে, ভারতের উদ্বৃত্ত চাল আন্তর্জাতিক বাজারে এমন দামে বিক্রি করা হচ্ছে, যা প্রতিযোগী দেশগুলোর পণ্যের দামকে টেক্কা দিচ্ছে।
এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত কম হওয়ায় ২০২৬-২৭ অর্থবছরে ভারতে চালের উৎপাদন কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পর্যাপ্ত মজুত থাকায় যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) পূর্বাভাস দিয়েছে, আগামী দুই বছরেও ভারতের চাল রপ্তানি বাড়বে। ২০২৫-২৬ অর্থবছরে ভারতে রেকর্ড ১৫ কোটি ৪০ লাখ টন চাল উৎপাদিত হয়েছে। অথচ ১৪০ কোটি মানুষের দেশটিতে অভ্যন্তরীণ চাহিদা মাত্র ১০ কোটি ৭ লাখ টন।
গত এক দশকে ভারতের চাল উৎপাদন ৫০ শতাংশ বেড়েছে। এর পেছনে বড় ভূমিকা রেখেছে নতুন জাতের ধান, যা বন্যাপ্রবণ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় নির্ভরযোগ্যভাবে চাষাবাদের সুযোগ তৈরি করেছে। ভারতে চাল উৎপাদন বৃদ্ধির ভিত্তি তৈরি হয় ১৯৬০-এর দশকের মাঝামাঝি চালু হওয়া কেন্দ্রীয় সরকারের ভর্তুকি ব্যবস্থার মাধ্যমে। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) ওপর অতিরিক্ত অর্থ বা বোনাস দেওয়া শুরু করে। এতে কৃষকদের কাছে ধান চাষ আরও লাভজনক হয়ে ওঠে এবং উৎপাদন আরও বেড়ে যায়।
উৎপাদন বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রপ্তানিও। গত এক দশকে ভারতের চাল রপ্তানি দ্বিগুণ হয়ে ২০২৫ সালে ২ কোটি ২৩ লাখ টনে পৌঁছেছে। বিশ্বের মোট চাল বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ এখন ভারতের দখলে। কিন্তু বিপুল উৎপাদনের কারণে চাল সংরক্ষণের পর্যাপ্ত গুদামও পাওয়া যাচ্ছে না। পূর্ব ভারতের ওডিশা রাজ্যের কটকের বেসরকারি চালকল মালিক নবীন আগরওয়াল বলেন, "আমাদের আর জায়গা অবশিষ্ট নেই। সরকারি সংস্থাগুলো আমাদের কাছ থেকে আগে কেনা চাল নিয়ে যাবে, সেই অপেক্ষায় বসে আছি।"
ভারতের চালের উদ্বৃত্ত শুধু দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেই চাপ তৈরি করছে না, আন্তর্জাতিক বাজারেও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে বিরোধ বাড়াচ্ছে। থাইল্যান্ড, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মতো চাল উৎপাদনকারী দেশগুলো ভারতের ভর্তুকি এবং কম দামে চাল রপ্তানি নিয়ে অসন্তোষ প্রকাশ করছে।
গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে ‘ডাম্পিংয়ের’ অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, ভারত উৎপাদন খরচের চেয়ে কম দামে চাল বিক্রি করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় অন্য দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া ভারত সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে। নয়াদিল্লির দাবি, তারা যুক্তরাষ্ট্রে মূলত উচ্চমূল্যের প্রিমিয়াম বাসমতি চাল রপ্তানি করে।
এপ্রিলে যুক্তরাষ্ট্রের চালশিল্পের বাণিজ্য সংগঠন ইউএসএ রাইস অভিযোগ করে, ভারতের মতো ‘অসাধু পক্ষগুলোর অন্যায্য প্রতিযোগিতা’ যুক্তরাষ্ট্রের চাল বিক্রির জন্য হুমকি তৈরি করছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের এক মুখপাত্র রয়টার্সকে দেওয়া বিবৃতিতে বলেন, ভারতের চাল উৎপাদনে ভর্তুকি দেওয়ার বিষয়টি নিয়ে ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছে। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য, বাণিজ্যনীতি ও হোয়াইট হাউসের কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।
অন্যদিকে, ২০২৫ সালে থাইল্যান্ড ভারতের ও ভিয়েতনামের সঙ্গে সহযোগিতার আহ্বান জানায়, যাতে আন্তর্জাতিক বাজারে চালের দাম আরও কমে না যায়। গত অক্টোবরে ব্যাংকক জানায়, ভারতের বিপুল চালের মজুত থাইল্যান্ডের রপ্তানিকারকদের ওপর চাপ সৃষ্টি করছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডের প্রতি টন চালের দাম ছিল প্রায় ৪৯৭ ডলার। এর তুলনায় ভারতীয় চাল প্রতি টনে প্রায় ১১০ ডলার কম দামে বিক্রি হচ্ছে। থাইল্যান্ড ও ভিয়েতনামের কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।
ভারতের অর্থ, কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করেনি।
ভারতের চাল উৎপাদন বৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘স্বর্ণা-সাব১’ (Swarna-SUB1) জাতের ধান। ২০০৯ সালে ভারতীয় গবেষকেরা বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য এই জাত অবমুক্ত করেন। বন্যাসহিষ্ণু এফআর ১৩এ (FR 13 A) জাতের সঙ্গে উচ্চ ফলনশীল ও বহুল ব্যবহৃত স্বর্ণা জাতের সংকরায়ণে এটি উদ্ভাবন করা হয়।
আগে ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের পাঞ্জাব ও হরিয়ানার মতো রাজ্যগুলোতে মূলত ধান উৎপাদন হতো। নতুন জাতের ধান বন্যাপ্রবণ পূর্ব ভারতের কৃষি উৎপাদনে বড় পরিবর্তন এনেছে। বিহার রাজ্যের কৃষক চন্দ্রমোহন যাদবের বাড়ি সিসোনি গ্রামে। গ্রামটি কোসি নদীর কাছে অবস্থিত। ভয়াবহ বন্যার কারণে নদীটি ‘দুঃখের নদী’ নামে পরিচিত। চন্দ্রমোহন যাদব বলেন, "এমন অনেক বছর গেছে, যখন নিজেদের পরিবারের খাবারের জন্য পর্যাপ্ত চালও উৎপাদন করতে পারিনি। কখনো কখনো বন্যায় আমাদের পুরো ফসল নষ্ট হয়ে যেত।
এখন আমরা নিজেদের খাওয়ার প্রয়োজনের চেয়েও বেশি চাল উৎপাদন করছি।"
গত ১৫ বছরে বিহারে চালের উৎপাদন ১৮২ শতাংশ বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে ৮৭ লাখ ৫০ হাজার টনে পৌঁছেছে। প্রতিবেশী ওডিশা রাজ্যে একই সময়ে উৎপাদন ৫০ শতাংশ বেড়ে ১ কোটি ২০ লাখ ২০ হাজার টনে দাঁড়িয়েছে। সরকারি প্রতিষ্ঠান আইসিএআর-সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিজ্ঞানী রামেশ্বর সাহ বলেন, গবেষকেরা এখন এমন ধানের জাত উদ্ভাবনের চেষ্টা করছেন, যা একই সঙ্গে বন্যা ও খরা সহ্য করতে পারবে।
দুইজন বিজ্ঞানী ও দুইজন সরকারি কর্মকর্তার দেওয়া হিসাব অনুযায়ী, নতুন জাতের ধান আগামী পাঁচ বছরে ভারতের মোট উৎপাদনে অন্তত আরও ১ কোটি টন চাল যুক্ত করতে পারে। সরকারের শীর্ষস্থানীয় নীতিনির্ধারণী সংস্থা নীতি আয়োগের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৬ সাল নাগাদ ভারতে চালের মোট উৎপাদন বেড়ে ১৭ কোটি ১০ লাখ টনে পৌঁছাতে পারে। কিন্তু একই সময়ে দেশটির অভ্যন্তরীণ চাহিদা বাড়লেও তা ১১ কোটি টনের বেশি হবে না।
চালের ক্রমবর্ধমান উদ্বৃত্ত সামাল দিতে ভারত সরকার কিছু চাল ইথানল উৎপাদনে ব্যবহারের নির্দেশ দিয়েছে। তবে এরপরও সরকারি গুদামে চালের মজুত বাড়ছে। গত ১ অক্টোবর সরকারি গুদামে চালের মজুত রেকর্ড ৫ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টনে পৌঁছেছে। সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এই মজুত চার গুণেরও বেশি।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান গত ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারকে একটি চিঠি দেন। এতে তিনি গত বছর সরকারি সংস্থাগুলোর কেনা ৬ লাখ টন চাল স্থানীয় গুদাম থেকে সরিয়ে অন্য গুদামে নেওয়ার অনুরোধ জানান। তিনি সতর্ক করে বলেন, এসব চাল সরানো না হলে নতুন মৌসুমের ধান কেনায় বিলম্ব হতে পারে।
ভারতের কৃষি খাতের সঙ্গে কর্মজীবী মানুষের ৪০ শতাংশের বেশি যুক্ত। ফলে কৃষকদের ভর্তুকি কমানোর যেকোনো উদ্যোগের বিরোধিতা করছেন তারা। ২০২০ ও ২০২১ সালে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনবিরোধী আন্দোলনের সময় কৃষকেরা আশঙ্কা করেছিলেন, নতুন আইন কার্যকর হলে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। ব্যাপক আন্দোলনের মুখে ২০২১ সালের নভেম্বরে সরকার আইনগুলো প্রত্যাহার করতে বাধ্য হয়।
কেন্দ্রীয় সরকার নিজের ভর্তুকি ব্যবস্থা পরিবর্তনে অনিচ্ছুক। তাই রাজ্য সরকারগুলোর দেওয়া অতিরিক্ত বোনাস বন্ধ করার চেষ্টা করছে। তবে এ উদ্যোগে তেমন অগ্রগতি হয়নি। কারণ, রাজ্য সরকারগুলো আশঙ্কা করছে, কৃষকদের এই আর্থিক সুবিধা বন্ধ করলে নির্বাচনে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে। গত দুই বছরে ভারতের কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয় তিনবার অর্থ মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়ে রাজ্য সরকারগুলোর অতিরিক্ত বোনাস দেওয়ার ব্যবস্থা বন্ধ করার অনুরোধ জানিয়েছে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিকে তেলবীজ ও ডাল আমদানি করতে ২২৭০ কোটি ডলার ব্যয় করতে হয়েছে। গত এক দশকে এই আমদানি ব্যয় বেড়েছে ১২০ শতাংশ। অন্যদিকে, একই সময়ে চাল রপ্তানি করে ভারতের আয় হয়েছে ১২০০ কোটি ডলার। বিশেষজ্ঞরা বলছেন, তেলবীজ ও ডালের তুলনায় ধান চাষে বেশি সার প্রয়োজন হয়। ফলে চালের উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে সারের পেছনে সরকারের ভর্তুকির ব্যয়ও বাড়ছে।
পরামর্শক প্রতিষ্ঠান বিগমিন্টের কৃষিবিষয়ক ব্যবসা বিভাগের প্রধান অভিষেক গোভিলকার বলেন, রাজ্য কর্মকর্তাদের এই বোনাস বন্ধ করতে রাজি করানো সহজ হবে না। তিনি বলেন, "রাজ্য সরকারগুলো নির্বাচনে জেতার হাতিয়ার হিসেবে বোনাস ব্যবহার করে। ফলে সরকারের পক্ষে লাগামহীন ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।"
সব মিলিয়ে, ভারতের চাল উৎপাদনে বিপ্লব দেশটিকে বিশ্বের অন্যতম প্রধান চাল রপ্তানিকারক দেশে পরিণত করলেও সেই সাফল্য এখন নতুন অর্থনৈতিক ও কৃষি সংকট তৈরি করছে। একদিকে বিপুল উদ্বৃত্ত চালের জন্য ভর্তুকি ও সংরক্ষণ ব্যয় বাড়ছে, অন্যদিকে ডাল ও তেলবীজের মতো প্রয়োজনীয় কৃষিপণ্য আমদানি করতে হচ্ছে বিপুল অর্থ ব্যয় করে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভূগর্ভস্থ পানির ওপর চাপ, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগীদের অসন্তোষ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের রাজনৈতিক বিরোধ।
সাব এডিটর, NBS Bangla


