ঢাকা, Sat, February 14, 2026 | 2 March 1432
Logo
logo

গাজা আগ্রাসনের খেসারত দিচ্ছে ইসরায়েল, সম্পর্ক ছিন্নের পথে দক্ষিণ আফ্রিকা—কূটনীতিতে বড় ধাক্কা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০২ পিএম

গাজা আগ্রাসনের খেসারত দিচ্ছে ইসরায়েল, সম্পর্ক ছিন্নের পথে দক্ষিণ আফ্রিকা—কূটনীতিতে বড় ধাক্কা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার দিকে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম আল-মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে খারাপ হওয়ায় প্রিটোরিয়া এই কঠিন সিদ্ধান্তের প্রস্তুতি নিচ্ছে।

ইতোমধ্যে কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা প্রকাশ্য রূপ নিয়েছে। দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অ্যারিয়েল সাইডম্যানকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। এর জবাবে ইসরায়েলও দক্ষিণ আফ্রিকার কূটনীতিক শন এডওয়ার্ড বেইনফিল্ডকে একই সময়ের মধ্যে দেশ ত্যাগ করতে বলে।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের একাধিক ঘটনার কারণেই এমন কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছে—ইসরায়েলের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং প্রিটোরিয়াকে আগাম না জানিয়ে ইসরায়েলি কূটনীতিকদের বিভিন্ন সফর আয়োজন।

আল-মনিটরের প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকার সম্পর্ক দীর্ঘদিনের হলেও তা বরাবরই জটিল ও সংবেদনশীল। বর্ণবাদী শাসনামলে দুই দেশের মধ্যে যোগাযোগ থাকলেও বর্তমান দক্ষিণ আফ্রিকা সরকার সেই সময়কার ইসরায়েলি অবস্থানের কড়া সমালোচক। বিশেষ করে ২০০১ সালে ডারবানে অনুষ্ঠিত জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী সম্মেলনের পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে ওঠে।