ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বিশ্বকাপে মাঠে নামার আগে বির্তকে জড়ালেন ইরাকি ফুটবলাররা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ মে, ২০২৩, ০৮:০৫ পিএম

বিশ্বকাপে মাঠে নামার আগে বির্তকে জড়ালেন ইরাকি ফুটবলাররা

 বিশ্বকাপে মাঠে নামার আগে বির্তকে জড়ালেন ইরাকি ফুটবলাররা

আর্জেন্টিনায় শনিবার রাতে পর্দা উঠছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের। আনুষ্ঠানিকভাবে বল মাঠে গড়ানোর আগেই নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে টুর্নামেন্টটি। বিশ্বকাপে অংশ নিতে আসা ইরাকের ফুটবলারদের বিরুদ্ধে গুরুতর সেই অভিযোগ উঠেছে। আর্জেন্টিনার লা প্লাতাতে অবস্থিত একটি হোটেল বরাদ্দ ছিল ইরাক দলের জন্য। সেখানে এশিয়ান দলটির এক খেলোয়াড়ের বিরুদ্ধে হোটেলের কর্মরত নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

এশিয়ার দলটি নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে আগামী সোমবার (২২ মে) মাঠে নামবে। কিন্তু তার আগেই কেলেঙ্কারিতে জড়ানোয়, নির্ধারিত হোটেল পরিবর্তন করতে হয়েছে ইরাকি ফুটবলারদের।

ওই ঘটনা জানার পর বুয়েন্স আয়ার্স পুলিশ তাৎক্ষণিকভাবে ওই হোটেলে উপস্থিত হন। সেখানে পুলিশকে ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, তিনি আমার বিশেষ অঙ্গে স্পর্শ করেছেন। তবে আমি তার কাজের জন্য কোনো ধরনের ক্রিমিনাল কমপ্লেন করব না।

শুধু ওই ঘটনাই নয়, হোটেলে কর্মরতরা ইরাকি ফুটবলারদের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ করেছেন। তার মধ্যে অন্যতম- ওই ফুটবলাররা অন্তর্বাস পরে হোটেলের করিডোর, রিসিপশনসহ যেখানে-সেখানে ঘুরে বেড়ান।

এছাড়াও রয়েছে- দোভাষীর সঙ্গে অসদাচরণ, অতিরিক্ত ওজন নিয়ে লিফটে ওঠার পর সেটি অকার্যকর হয়ে যাওয়া এবং কোনো কারণ ছাড়াই অগ্নিসংকেত বাজানোর মতো অভিযোগও।

পুলিশ জানিয়েছে, ইরাকের দলটির বিরুদ্ধে কক্ষের বাইরে ‘হট্টগোল ও উচ্চ শব্দে গান’ চালানোর অভিযোগ পেয়েছেন তারা। দলটির আবাসন ব্যবস্থার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান অভিযোগ করেছে, ইরাকিরা হোটেলে দীর্ঘসময় ধরে হইচই করেছেন এবং ভাঙচুর চালিয়েছেন।

এনবিএস/ওডে/সি