এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম
দামেস্ক মাজারের কাছে বোমা বিস্ফোরণে নিহত ৬
বিত্র আশুরার একদিন আগে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে এ বোমা বিস্ফোরণ ঘটে। এতে নিহত ছাড়াও আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। বিস্ফোরণস্থলের কাছাকাছি অবস্থিত মাজারটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতনি ও ইমাম আলীর কন্যা সাইয়েদা জয়নাবের।
বৃহস্পতিবার সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাজারের কাছে একটি ট্যাক্সির পাশে মোটরসাইকেলে বিস্ফোরণ ঘটে। এটি সিরিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা শিয়া মাজার। সিরিয়া সরকার একে ‘সন্ত্রাসী বোমা হামলা’ বলে অভিহিত করেছে। রাষ্ট্রীয় টেলিভিশন এর আগে জানায়, ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আগে থেকেই বোমা’ রাখার পর সেখানে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
৩৯ বছর বয়সী সরকারি কর্মচারি ইব্রাহিম বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনেছি এবং পরে লোকেরা দৌড়াতে শুরু করে। তারপর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আসে এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে।’ তিনি বলেন, মাজার থেকে প্রায় ৬০০ মিটার দূরে একটি নিরাপত্তা ভবনের কাছে ওই বিস্ফোরণটি ঘটে।
লন্ডন-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দীর্ঘ ১৩ বছর ধরে সিরিয়ায় সংঘাত চলছে এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র ইরানি মিলিশিয়াদের অবস্থানের কাছেই ওই বিস্ফোরণটি ঘটেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি