ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

কেপ ভার্দে উপকূলে ভাসমান অভিবাসীবাহী নৌকা, ৬০ জনের মৃত্যুর আশঙ্কা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম

কেপ ভার্দে উপকূলে ভাসমান অভিবাসীবাহী নৌকা, ৬০ জনের মৃত্যুর আশঙ্কা

কেপ ভার্দে উপকূলে ভাসমান অভিবাসীবাহী নৌকা, ৬০ জনের মৃত্যুর আশঙ্কা

আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলের দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে।  অভিবাসী বহনকারী একটি নৌকাকে সাগরে ভাসমান অবস্থায কেপ ভার্দের উপকূলে পাওয়া গেছে। নৌকাটি থেকে শিশুসহ আরও ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। নৌকায় থাকা অভিবাসীদের বেশিরভাগই সেনেগালের নাগরিক বলে মনে করা হচ্ছে। 

উদ্ধারকৃত অভিবাসী প্রত্যাশীদেরকে সাল দ্বীপের উপকূলে পৌঁছাতে সাহায্য করা হয়। তাদের মধ্যে আবার কিছু মানুষকে স্ট্রেচারে করেও উপকূলে নিতে দেখা যায়। অভিবাসীদের বহনকরা নৌকাটি এক মাসেরও বেশি সময় ধরে সমুদ্রে ভাসছিল।

সাল দ্বীপের স্বাস্থ্য কর্মকর্তা জোসে মোরেরা বলেছেন, জীবিত উদ্ধার হওয়া অভিবাসীদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং তাদের যত্ন নেওয়া হচ্ছে। জীবিত উদ্ধারকরা লোকদের মধ্যে ১২ থেকে ১৬ বছর বয়সী চার শিশু-কিশোর রয়েছে বলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) একজন মুখপাত্র জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গত সোমবার এই নৌকাটিকে প্রথম দেখা যায়। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল, নৌকাটি ডুবে  গিয়েছিল কিন্তু পরে স্পষ্ট করা হয় যে, এটিকে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

বিবিসি জানায়, কাঠের পিরোগ স্টাইলের এই নৌকাটিকে কেপ ভার্দের সাল দ্বীপ থেকে প্রায় ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দূরে সমুদ্রে দেখতে পায় স্পেনের একটি মাছ ধরার নৌকা। এরপরই তারা এ বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করে বলে পুলিশ। 

সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ওই নৌকাটি ১০১ জন যাত্রী নিয়ে গত ১০ জুলাই দেশ ছেড়েছিল। বেঁচে যাওয়া অভিবাসীদের প্রত্যাবাসনের জন্য কেপ ভার্দে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে তারা। নৌকার বেশিরভাগ যাত্রী সেনেগালের হলেও তাতে সিয়েরা লিওন এবং গিনি-বিসাউয়ের মতো অন্য দেশগুলোর অভিবাসীও আরোহী হিসেবে ছিল বলে জানা গেছে।

কেপ ভার্দের স্বাস্থ্যমন্ত্রী ফিলোমেনা গনকালভস বলেছেন, আমরা জানি অভিবাসন সমস্যা একটা বৈশ্বিক সমস্যা। এর জন্য আন্তর্জাতিক সহযোগিতা, প্রচুর আলোচনা এবং বৈশ্বিক কৌশল প্রয়োজন। আমাদের সবাইকে - সমস্ত দেশকে –আলোচনায় বসতে হবে এবং সমুদ্রে যেন লোকদের আর প্রাণ হারাতে না হয় সে বিষয়ে আমরা কী করতে পারি তা দেখতে হবে।

এর আগে গত জুলাইয়ের শেষের দিকে সেনেগালের রাজধানী ডাকার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছিলেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি