এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম

সৌদি লিগে বেনজেমার গোল অভিষেক, বড় জয় ইত্তিহাদের
সৌদি প্রো লিগে নিজের প্রথম দুই ম্যাচে গোলশূন্য ছিলেন করিম বেনজেমা। অবশেষে তৃতীয় ম্যাচে এসে ভাঙল ডেডলক। আল রিয়াদের বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটেই দলকে শুভ সূচনা এনে দেন তিনি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে ফরাসি তারকার দল আল ইত্তিহাদও পেয়েছে বড় জয়। ৪-০ গোলে তারা হারিয়েছে আল রিয়াদকে। ইত্তিহাদের হয়ে বাকি ৩ গোল করেন আব্দেররাজ্জাক হামদাল্লাহ ও সালেহ আল-আমরি। এর মধ্যে হামদাল্লাহ একাই ২ গোল করেছেন।
আল রিয়াদের বিপক্ষে পুরো ম্যাচেই আধিপত্য ছিল ইত্তিহাদের। ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে তারা ১৭টি শট নেয়। যার ৮টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে আল রিয়াদের নেয়া ৯ শটের ৪টি ছিল গোলমুখে। তবে তার একটিতেও সফল হতে পারেনি তারা।
ম্যাচ শুরুর ১৭ মিনিটেই দলকে লিড এনে দেন বেনজেমা। ডান প্রান্ত ধরে আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে পড়েন রোমানরিনিও। আল রিয়াদের ডিফেন্ডারদের বাধায় তিনি পাস দেন পাশে থাকা বেনজেমাকে। জোরালো শটে জাল কাঁপান ফরাসি তারকা।
রিয়াল মাদ্রিদ থেকে ইত্তিহাদে যোগ দেয়ার পর গত ১৪ আগস্ট সৌদি প্রো লিগে অভিষেক হয়েছিল তার। সে ম্যাচে দল আল রায়েদকে ৩-০ গোলে হারালেও জালের দেখা পাননি বেনজেমা। ২০ আগস্ট দ্বিতীয় ম্যাচে আল তাঈর বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচেও আলো ছড়াতে পারেননি তিনি। অবশেষে রিয়াদের বিপক্ষে পেলেন সে কাঙ্ক্ষিত গোল। তবে ইত্তিহাদের হয়ে এটি তার প্রথম গোল নয়। দলটির হয়ে নিজের অভিষেক ম্যাচেই আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে গোল করেছিলেন বেনজেমা। আসরে ৪ ম্যাচে তার গোল ৩।
এদিকে ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি থেকে সফল স্পটকিকে দলের ব্যবধান দ্বিগুণ করেন হামদাল্লাহ। প্রথমার্ধের যোগ করা সময়েই সে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০’তে। ডি-বক্সে মাদাল্লাহ আলোলায়ানের ক্রস বাই-সাইকেল কিকে জালে জড়ান হামদাল্লাহ।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইত্তিহাদ। তবে রিয়াদের গোলরক্ষক মার্টিন ক্যাম্পানার নৈপুণ্যে বার বার আক্রমণে গিয়েও ব্যর্থ হয় বেনজেমা-কন্তেরা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের যোগ সময়ে গিয়ে গোলের দেখা পায় ইত্তিহাদ। আল-আমরির গোলে ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বেনজেমারা।
তাতে টানা তিন জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ইত্তিহাদ। এদিন বড় জয় পেয়েছে নেইমার জুনিয়রের দল আল হিলালও। নেইমারবিহীন ম্যাচটিতে আল রায়েদকে ৪-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে তারা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি