ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

সুদানের গৃহযুদ্ধে আমিরাতের হস্তক্ষেপের অভিযোগ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম

সুদানের গৃহযুদ্ধে আমিরাতের হস্তক্ষেপের অভিযোগ

সুদানের গৃহযুদ্ধে আমিরাতের হস্তক্ষেপের অভিযোগ

সুদানের গৃহযুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) হস্তক্ষেপ করার অভিযোগ নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সুদানে ক্ষমতাসীন সেনাবাহিনী প্রকাশ্যে আমিরাতের সমালোচনা করছে। সম্প্রতি খার্তুমে নিযুক্ত আমিরাতের ১৫ কূটনীতিককে বহিষ্কার করেছে তারা। 

গত এপ্রিলের মাঝামাঝি সময়ে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়। এই সংঘাত এখন দেশটিতে গৃহযুদ্ধের রূপ নিয়েছে। চলমান সংঘাতে ১২ হাজারের বেশি নিহত এবং কয়েক লাখ মানুষ উদ্বাস্তু হয়েছেন।

গৃহযুদ্ধে হস্তক্ষেপ করার অভিযোগ তুলে গত নভেম্বরে আমিরাতের সমালোচনা করেন সুদানের উপ- সেনাপ্রধান জেনারেল ইয়াসের আল-আত্তা। আমিরাতকে ‘মাফিয়া রাষ্ট্র’ উল্লেখ করে তিনি বলেন, আরএসএফ ও এর প্রধান মোহাম্মদ হামদান দাগলোর পক্ষ নিয়ে তারা (আমিরাত) মূলত ‘শয়তানের পথই বেছে নিয়েছে’। 

আমিরাত রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াাগনারের মাধ্যমে শাদ, উগান্ডা ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দিয়ে আরএসএফকে অস্ত্র পাঠাচ্ছে বলে অভিযোগ করেছেন জেনারেল ইয়াসের আল-আত্তা। গৃহযুদ্ধ শুরুর পর থেকেই সামরিক বিশ্লেষকেরা সতর্ক করছিল, এই পথ দিয়ে আরএসএফ বিদেশি অস্ত্র পাচ্ছে। তবে নভেম্বরের আগপর্যন্ত সুদানের সেনাবাহিনী বিষয়টি নিয়ে নীরবই ছিল।

যুক্তরাজ্যে রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের সহযোগী ফেলো জালেল হারচাউ এএফপিকে বলেন, সম্প্রতি বুরহান শিবিরের পক্ষ থেকে সতর্ক থেকে বিষয়টি নিয়ে কূটনৈতিক উদ্যোগে রূপ নিয়েছে। এতোদিন তারা লিবিয়ার হাফতার, রাশিয়া ও আমিরাতের মতো বড় খেলোয়াড়দের বিরুদ্ধে প্রকাশ্য বিরোধে জড়ায়নি। তবে সেই অবস্থান থেকে সরে এসে সেনাবাহিনী প্রকাশ্যে এ অভিযোগ তুলছে। তারা এ ঘটনায় আমিরাতের ১৫ কূটনীতিককেও বহিষ্কার করেছে।

আরএসএফকে আমিরাত অস্ত্র সরবরাহ করছে, গত আগস্টে ওয়াল স্ট্রিট জার্নালও এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তবে সে সময় এ অভিযোগ অস্বীকার করেছিল আমিরাত। আমিরাত তখন বলেছিল, সুদানের চলমান এই সংঘাতে সংযুক্ত আরব আমিরাত কারও পক্ষ নেয়নি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি