ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পিএম

বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়

বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়

চলতি বছরে শেষ সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। 

এশিয়া কাপ ও বিশ্বকাপের ব্যর্থতার পর বছরের শেষ দিকে এসে নিউজিল্যান্ডের মাটিতে চলমান সফরে বাংলাদেশ দল ছন্দে ফেরার চেষ্টা কম করেনি। লাল-সবুজ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক কিউইরা। তবে শেষ ওয়ানডেতে ছেড়ে কথা বলেনি টাইগারসেনারা। দুর্দান্ত পারফর্ম করে মাত্র ৯৮ রানে কিউইদের থামিয়ে ৯ উইকেটে  বড় জয় তুলে নেয় বাংলাদেশের ওরা ১১ জন। এবার টাইগার সেনারা এখান থেকেই আত্মবিশ্বাস নিয়ে লড়াইয়ে নামবে টি-টোয়েন্টি সিরিজে।  

বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে খেলার সময়টা নিয়ে  দুর্ভাবনাই বটে। ওয়ানডে ম্যাচের অধিকাংশই পার হয়ে যায় ঘুম ভাঙার আগেই। ফলে সৌম্য সরকারের রেকর্ডময় ১৬৯ রানের ইনিংস কিংবা কিউইদের ৯৮ রানে গুটিয়ে দেওয়ার চিত্রটি সরাসরি দেখা থেকে বঞ্চিত হয়েছে ক্রিকেট প্রেমীরা। তবে টি-টোয়েন্টি ম্যাচ দেখতে কারোরই দুর্বাভনায় থাকতে হবে না।   

ঢাকাপোস্ট জানায়, বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হতো ভোর ৪টায়। তবে টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে কিউইদের স্থানীয় সময় অনুযায়ী দিবারাত্রীর। বাংলাদেশ সময় অনুযায়ী তাই সংক্ষিপ্ত ফরম্যাটের প্রথম দুটি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা ১০ মিনিটে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অবশ্য সকাল ৬টায়।

ওয়ানডেতে কিউইদের মাটিতে তাদেরই বিপক্ষে ১৮ ম্যাচ পর জয় পেয়েছে বাংলাদেশ। একই হতাশার গল্পে টি-টোয়েন্টিতেও রয়েছে। যেখানে টাইগাররা ৯টি টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও সাকিব আল হাসানরা জয় পাননি নিউজিল্যান্ডে। ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে জয় এসেছে, টি-টোয়েন্টির খরাটাও তারা এবার ঘুচাতে পারে কি না সেটাই দেখার বিষয়। তবে শান্তর দল বেশ আত্মবিশ্বাসী সিরিজ জয়ের ব্যাপারে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি