ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
Logo
logo

অথৈ সাগরে মৃত্যুঝুঁকিতে ভাসছে ২০০ রোহিঙ্গা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ১২:১২ পিএম

অথৈ সাগরে মৃত্যুঝুঁকিতে ভাসছে ২০০ রোহিঙ্গা

অথৈ সাগরে মৃত্যুঝুঁকিতে ভাসছে ২০০ রোহিঙ্গা

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশে ভারত মহাসাগরে একদল রোহিঙ্গা কয়েকদিন ধরে ভাসছে। তাদের বহনকারী নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে গেছে। রোহিঙ্গাদের এই দলটি বাংলাদেশ থেকে নৌকায় চেপে ভারত মহাসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছিল বলে খবরে জানা গেছে। 

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) গত শনিবার জানিয়েছে, মহাসাগরে ভাসতে থাকা এই দলে প্রায় ১৮৫ জন রোহিঙ্গা রয়েছেন। বেশির ভাগই নারী ও শিশু। তাদের উদ্ধারে অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা না হলে অসহায় এসব রোহিঙ্গার মৃত্যুর ঝুঁকি বাড়বে।

সংস্থাটি বলছে, এ রোহিঙ্গারা বাংলাদেশে শরণার্থী শিবির থেকে গোপনে পালিয়ে যাচ্ছিলেন। এর আগে দমন–পীড়নের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছিলেন তারা। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরু হলে সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালাতে বাধ্য হয়েছেন।

অথৈ সাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ওই নৌকায় অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। সংস্থাটি বলছে, নৌকায় থাকা ডজনখানেক রোহিঙ্গার অবস্থা আশঙ্কাজনক।

ইউএনএইচসিআর সতর্ক করে আরও বলেছে, সময় শেষ হওয়ার আগে ভাসতে থাকা এসব রোহিঙ্গাকে উদ্ধারে ব্যবস্থা নিতে হবে। তা না হলে উপকূলীয় দেশগুলোর কঠোর নজরদারির কারণে আরও অনেকেই মারা পড়তে পারেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি