ঢাকা, বুধবার, মার্চ ১৮, ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২
Logo
logo

যুক্তরাষ্ট্রে ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’: নতুন রাজনীতির ঘোষণা, রিপাবলিকান শিবিরে দোল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ জুলাই, ২০২৫, ১০:০৭ পিএম

যুক্তরাষ্ট্রে ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’: নতুন রাজনীতির ঘোষণা, রিপাবলিকান শিবিরে দোল

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও টেসলা-স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। শনিবার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে তিনি জানান, তার দলের নাম হবে ‘আমেরিকা পার্টি’, যার লক্ষ্য হলো, “আমেরিকানদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া”।

মাস্ক বলেন, “আজ আমেরিকা পার্টির জন্ম হলো—একটি ন্যায়বিচারপূর্ণ, স্বাধীনতাপ্রেমী এবং বাজেট সচেতন রাষ্ট্রের প্রত্যাবর্তনের জন্য।” তিনি জানান, সম্প্রতি চালানো এক্স-ভিত্তিক জরিপে অংশ নেওয়া প্রায় ১২ লাখ মানুষের মধ্যে দুই-তৃতীয়াংশ নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেছেন।

তার এই ঘোষণায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলেও ট্রাম্প প্রশাসন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

মাস্ক ট্রাম্পের সাম্প্রতিক ‘বিগ বিউটিফুল বিল’-এরও কঠোর সমালোচনা করেন, যেটিতে করছাড় ও রাষ্ট্রীয় ব্যয় বৃদ্ধির প্রস্তাব রয়েছে। মাস্ক বলেন, “এই বিল আমেরিকাকে দেউলিয়ার দিকে ঠেলে দিচ্ছে।”

একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাস্ক তার প্রশাসনে পরামর্শক হিসেবে কাজ করলেও এখন সেই সম্পর্ক চরম বিরোধে পরিণত হয়েছে। মাস্ক এর আগেই সতর্ক করেছিলেন, তিনি এমন এক দল গড়বেন যা বাজেট অপচয় সমর্থনকারী আইনপ্রণেতাদের বিরুদ্ধে প্রচারণায় বিপুল অর্থ ব্যয় করবে।

ট্রাম্প পাল্টা হুমকি দিয়ে বলেছেন, কেন্দ্রীয় সরকার মাস্কের কোম্পানিগুলোর ভর্তুকি বন্ধ করতে পারে।

মাস্কের এই ঘোষণার পর রিপাবলিকান শিবিরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের কংগ্রেস নির্বাচনে ‘আমেরিকা পার্টি’ রিপাবলিকানদের ভোট ভাঙতে পারে, যা তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়াবে।

এদিকে, টেসলার শেয়ারে এই বিরোধের নেতিবাচক প্রভাব পড়েছে। শেয়ারদর এক সপ্তাহে ৩১৫ ডলারে নেমে এসেছে, যা মাস্ক-ট্রাম্প দ্বন্দ্বের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।