এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৫, ১০:০৭ পিএম

ইসরায়েলের নতুন করে চালানো বোমা হামলায় গাজার একটি বাড়িতে অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগের দিনই পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৭৮ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজা জুড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে কাতারে প্রতিনিধি পাঠানো হবে। তবে হামাসের প্রস্তাবিত চুক্তিতে যেসব পরিবর্তন আনা হয়েছে তা ইসরায়েলের কাছে "অগ্রহণযোগ্য।"
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলমান সংঘাতে এ পর্যন্ত ৫৭,৩৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১,৩৫,৯৫৭ জন। এছাড়া, মে মাসের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (GHF) পরিচালিত স্থাপনাগুলোতেও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ৭৪৩ জনের বেশি ফিলিস্তিনি।
একইসঙ্গে পশ্চিমতীরে তল্লাশি ও ধরপাকড় অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, বেথলেহেমের দক্ষিণে আল-খাদের শহরে অভিযান চালিয়ে ১৮ থেকে ২১ বছর বয়সী তিন তরুণকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা। অভিযানে ব্যবহার করা হয় গুলি, কাঁদানে গ্যাস ও শব্দবোমা—যার ফলে বহু সাধারণ নাগরিক শ্বাসকষ্টে আক্রান্ত হন।
রোববার ভোরে নাবলুসের বেইত ফুরিক শহরে অভিযান চালিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরকেও আটক করা হয়েছে। তার বাড়িতে তল্লাশির সময় তাকে মারধর করার অভিযোগ উঠেছে।
সংঘাতের শুরু ২০২৩ সালের ৭ অক্টোবর, যেদিন হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছিল। এরপর থেকে সহিংসতা অব্যাহত রয়েছে, শান্তি প্রক্রিয়া এখনও অনিশ্চয়তার মুখে।