ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
Logo
logo

গাজায় পানি আনতে আসা শিশুসহ সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা, জাতিসংঘের উদ্বেগ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ জুলাই, ২০২৫, ০৪:০৭ পিএম

গাজায় পানি আনতে আসা শিশুসহ সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা, জাতিসংঘের উদ্বেগ

গাজার আল-নুসাইরাত শরণার্থী শিবিরে পানি আনতে দাঁড়িয়ে থাকা নিরীহ মানুষদের লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জন শিশু। রবিবার এ হামলার সময় তারা একটি পানির ট্যাঙ্কারের পাশে খালি জেরিক্যান হাতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। হামলায় আহত হয়েছেন আরও ১৬ জন, যাদের মধ্যে সাতজন শিশু। আহতদের আল-আওদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা ইসরায়েলি সেনাবাহিনীর প্রতিক্রিয়া চাইলে তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। রেড ক্রসের তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজার রাফাহ এলাকায় গত ছয় সপ্তাহে আগের পুরো বছরের চেয়েও বেশি বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

অভিযোগ রয়েছে, খাবার ও পানি সংগ্রহ করতে গিয়ে প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলার শিকার হচ্ছেন গাজাবাসীরা। ক্ষুধার্ত জনগণ খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার সময় হামলায় পড়ছে, অনেক সময় গুলি করা হচ্ছে সরাসরি। নাসের হাসপাতাল জানিয়েছে, শনিবার এক সহায়তা কেন্দ্রে গুলি চালিয়ে ২৪ জনকে হত্যা করা হয়।

রাফাহর আইসিআরসি পরিচালিত হাসপাতালে জানানো হয়, মাত্র একদিনে অস্ত্রঘাতপ্রাপ্ত ১৩২ জনকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৩১ জন মারা গেছেন। ২৭ মে থেকে এ পর্যন্ত ৩,৪০০ জন অস্ত্রঘাতপ্রাপ্ত রোগী চিকিৎসা নিয়েছেন এবং ২৫০ জন মারা গেছেন।

ইসরায়েল বলছে, বেসামরিক ক্ষয়ক্ষতির ঘটনা তারা স্বীকার করে এবং সংঘাত কমানোর চেষ্টা করছে। তবে জাতিসংঘ বলছে, ৭৮৯ জন সহায়তা প্রত্যাশী নিহত হয়েছেন, যার বেশিরভাগ মার্কিন সমর্থিত ত্রাণ কেন্দ্রের আশেপাশে।

এদিকে, জ্বালানির অভাবে হাসপাতাল, পানি ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় জাতিসংঘ আবারও সতর্কবার্তা দিয়েছে। গাজার জনজীবন এখন চরম মানবিক সংকটে।