এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫, ০৪:০৭ পিএম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও শতবর্ষে পা দেওয়া প্রবীণ রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ শারীরিক দুর্বলতা ও অবসাদজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৩ জুলাই) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তিনি ভর্তি হন বলে তার দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, মাহাথির বর্তমানে পর্যবেক্ষণে থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি বিশ্রামে রয়েছেন। আশা করা হচ্ছে, রোববার সন্ধ্যার মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতিতে দীর্ঘ ছায়া বিস্তারকারী মাহাথির বহু বছর ধরে হৃদ্রোগে ভুগছেন। তার একাধিকবার বাইপাস সার্জারি হয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে তাকে প্রায়ই হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবর মাসে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মাত্র দুই দিন আগে মাহাথির তার ১০০তম জন্মদিন উদযাপন করেন এবং তার স্ত্রী হাসমা মোহদ আলির ৯৯তম জন্মদিন ছিল তার পরদিন। জন্মদিন উপলক্ষে একটি পারিবারিক পিকনিকের আয়োজন করা হয়, যেখানে মাহাথির নিজেই গাড়ি চালিয়ে যান এবং সেখানে প্রায় এক ঘণ্টা সাইক্লিং করেন। এরপর তাকে ক্লান্ত দেখা দিলে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে বাড়ি ফিরিয়ে আনা হয়।
মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী ছিলেন। প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত এবং দ্বিতীয় মেয়াদে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ২০২২ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার হাসপাতালে ভর্তির খবরে মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দেশবাসী তার দ্রুত আরোগ্য কামনা করছে।