এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫, ০৬:০৭ পিএম

ইরান ইসরাইলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে দাবি করেছে, গত ১২ দিনের যুদ্ধে ইসরাইলি বাহিনী "কালোজাদু" ব্যবহার করেছে। ইরানের প্রভাবশালী জাভান পত্রিকার সাবেক সম্পাদক আব্দুল্লাহ গাঞ্জি সামাজিক মাধ্যমে দাবি করেন, তেহরানের রাস্তায় হিব্রু ভাষায় লেখা রহস্যময় কাগজ ও ইহুদি তাবিজ পাওয়া গেছে, যা জাদুটোনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।
গাঞ্জি আরও অভিযোগ করেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তান্ত্রিকদের সঙ্গে নিয়মিত গোপন বৈঠক করেন। তার দাবি, "এগুলো ইসরাইলের অপ্রচলিত যুদ্ধকৌশলের অংশ।"
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, গাঞ্জি সম্ভবত "নেশাগ্রস্ত অবস্থায়" এমন উদ্ভট দাবি করেছেন। ইসরাইলি রাজনীতিবিদ ওয়ালিদ গাদবান ভূতের ইমোজি দিয়ে মোসাদের এই প্রতিক্রিয়া শেয়ার করে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেন।
এটি প্রথম নয় যখন ইরান ইসরাইলের বিরুদ্ধে অতিপ্রাকৃতিক কর্মকাণ্ডের অভিযোগ তোলে। গাজা সংঘাতের শুরুতেও ইরান ইসরাইলকে "জাদুবিদ্যা ও অশরীরী শক্তি ব্যবহারের" দায়ে অভিযুক্ত করেছিল।
সামরিক বিশ্লেষকরা মনে করেন, ইরানের এমন অভিযোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের কৌশল মাত্র। তবে ধর্মীয় গোঁড়ামিপূর্ণ কিছু মহল এই দাবিকে গুরুত্ব সহকারে নিচ্ছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক ও আদর্শিক এই সংঘাত অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন উদ্ভট অভিযোগ সংঘাতের জটিলতাকে নতুন মাত্রা দিয়েছে।