ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ইরাকে শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৬০, নিখোঁজ ১১


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৫, ০৬:০৭ পিএম

ইরাকে শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৬০, নিখোঁজ ১১

ইরাকের কুত শহরে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে ঘটনাটি ঘটে।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি নিশ্চিত করেছেন, পাঁচতলা বিশিষ্ট শপিংমলটিতে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ায় বহু মানুষ আটকা পড়েন। ভিডিও ফুটেজে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা দমকল যানবাহন ও হেলিকপ্টার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই নিরাপদে বের হতে পারেননি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ইরাকি কর্তৃপক্ষ এখনও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাস লাইকে বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে।

গভর্নর আল-মিয়াহি বলেছেন, নিখোঁজদের খোঁজার কাজ চলছে এবং মৃতদের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন কাজ করছে।

গত কয়েক বছরে ইরাকে এ ধরনের বড় অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটছে, যার পেছনে অবকাঠামোগত দুর্বলতা এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে দায়ী করা হয়।

এই ঘটনায় ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি শোক প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।