ঢাকা, শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ | ২৯ ফাল্গুন ১৪৩২
Logo
logo

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ককপিটের কথোপকথনে উঠে এলো জ্বালানি বন্ধের রহস্য!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৫, ০৭:০৭ পিএম

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ককপিটের কথোপকথনে উঠে এলো জ্বালানি বন্ধের রহস্য!

আহমেদাবাদে গত মাসে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় নতুন রহস্য যুক্ত হয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, বিমানের ককপিটে শেষ মুহূর্তের কথোপকথনে দেখা যায় ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল নিজেই জ্বালানি প্রবাহ বন্ধ করে দিয়েছিলেন।

ওই রিপোর্টে বলা হয়, উড্ডয়নের পরপরই ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার জিজ্ঞাসা করেন, কেন ক্যাপ্টেন জ্বালানি কন্ট্রোল সুইচ বন্ধ করলেন। এতে তিনিও ভয় পেয়ে যান, কিন্তু ক্যাপ্টেন ছিলেন অস্বাভাবিক রকমের শান্ত।

ভারতের এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর (এআইআইবি) প্রাথমিক তদন্তেও উঠে এসেছে, বিমানটি উড্ডয়নের ৩২ সেকেন্ডের মাথায় দুটি ইঞ্জিনের ফুয়েল সুইচ এক সেকেন্ডের ব্যবধানে বন্ধ হয়ে যায়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানের ২৪১ জনের মধ্যে ২৪০ জনের মৃত্যু হয়, জীবিত থাকেন কেবল একজন যাত্রী। নিহতদের মধ্যে ছিলেন দুই অভিজ্ঞ পাইলট—ক্যাপ্টেন সাবারওয়াল ও ফার্স্ট অফিসার কুন্ডার।

এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে—সাবারওয়ালের সিদ্ধান্ত কি ইচ্ছাকৃত ছিল? ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, তদন্তকারীরা এখনো নিশ্চিত নন এটি দুর্ঘটনা নাকি সচেতন সিদ্ধান্ত।

ভারতের বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু জানান, এটি কেবল প্রাথমিক রিপোর্ট, এখনই সিদ্ধান্ত টানা অনুচিত। এদিকে ইন্ডিয়ান পাইলটস ফেডারেশন ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।

ডিজিসিএ জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার সব বোয়িং ৭৮৭-৮ বিমানের ফুয়েল সিস্টেম পরীক্ষা করে কোনো ত্রুটি পাওয়া যায়নি। তবে তদন্ত এখনও চলমান। বিমানের থ্রটল কন্ট্রোল মডিউলও নিয়ম অনুযায়ী বদলানো হয়েছে বলে জানানো হয়।