এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫, ০২:০৭ পিএম

আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসানো হচ্ছে নতুন জায়ান্ট স্ক্রিন। তবে এটি স্থায়ীভাবে স্থাপন করা হচ্ছে না—বরং ভাড়ায় আনা এই স্ক্রিন স্থাপনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) খরচ করতে হচ্ছে প্রায় ১০ লাখ টাকা।
দেড় বছর আগে একটি ঝড়ে স্টেডিয়ামের পূর্ব পাশের পুরোনো জায়ান্ট স্ক্রিন ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটি আর প্রতিস্থাপন করা হয়নি। ফলে সাম্প্রতিক সিরিজগুলোতেও ব্যবহার করা হয়েছে ভাড়ায় আনা স্ক্রিন। এমনকি সর্বশেষ বিপিএলেও স্কোর বোর্ড ছিল অস্থায়ী।
এবার পাকিস্তানের বিপক্ষে ২০, ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠেয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্যও একই পদ্ধতিতে স্ক্রিন ভাড়া নেওয়া হয়েছে। স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে বাঁশের কাঠামোর ওপর স্থাপন করা হচ্ছে এই স্ক্রিনটি, যা সিরিজ শেষে সরিয়ে নেওয়া হবে।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এই স্ক্রিন ভাড়া এবং সেটআপ বাবদ মোট খরচ দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ টাকা। খরচটি এক সিরিজের জন্য হলেও, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবের কারণে বিসিবিকে বারবার একইভাবে ব্যয় করতে হচ্ছে।
এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার হোসেন মিঠু বলেন, “আমরা শুধুমাত্র পাকিস্তান সিরিজের জন্য একটি জায়ান্ট স্ক্রিন ভাড়া করেছি। সিরিজ শেষেই এটি খুলে ফেলা হবে।”
দর্শকদের অভিজ্ঞতা উন্নত করতে যেখানে স্থায়ী স্কোরবোর্ড ও স্ক্রিন স্থাপন সময়ের দাবি, সেখানে বারবার ভাড়ায় স্ক্রিন এনে খরচ বাড়ানোর বিষয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ক্রিকেটপ্রেমীদের মতে, বিসিবির এখনই দীর্ঘমেয়াদি অবকাঠামো উন্নয়নে মনোযোগ দেওয়া উচিত।