এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

কর্ণাটকের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন লিমিটেডের এক সাবেক কেরানির ৩০ কোটি রুপির অবৈধ সম্পদ উদ্ধার করেছে লোকায়ুক্ত (দুর্নীতি দমন সংস্থা)। কালাকাপ্পা নিদাগুন্ডি নামের এই কর্মচারীর মাসিক বেতন ছিল মাত্র ১৫ হাজার রুপি।
অভিযানে নিদাগুন্ডির ২৪টি বাড়ি, ৪টি প্লট, ৪০ একর কৃষিজমি, ৪টি গাড়ি, ৩৫০ গ্রাম সোনা ও ১.৫ কেজি রুপা জব্দ করা হয়েছে। এসব সম্পদ তার নিজের, স্ত্রী ও শ্যালকের নামে রয়েছে বলে জানা গেছে।
দুর্নীতি দমন সংস্থার অভিযোগ, নিদাগুন্ডি ও প্রতিষ্ঠানের সাবেক প্রকৌশলী জেড এম চিনচোলকার ৯৬টি প্রকল্পের নথিপত্র জাল করে ৭২ কোটি রুপি আত্মসাৎ করেছেন। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।
গত কয়েকদিনে কর্ণাটকে এ ধরনের একাধিক অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার পাঁচজন সরকারি কর্মকর্তার বাড়ি ও অফিস তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ উদ্ধার করা হয়েছিল।
২৩ জুলাই আটজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৭.৪২ কোটি রুপির সম্পদ জব্দ করা হয়েছিল। এদের মধ্যে একজন আইএএস কর্মকর্তাও ছিলেন, যার কাছ থেকে ৯ কোটি রুপির সম্পদ পাওয়া গেছে।
লোকায়ুক্ত কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের অসামঞ্জস্যতা খতিয়ে দেখে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হবে। কর্ণাটকে দুর্নীতি রোধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।