ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩
Logo
logo

হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনায় লেবানন সরকার, পাল্টা বার্তা দিল ইরান! কী বললেন আলি লারিজানি বৈরুতে?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৫, ০৯:০৮ পিএম

হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনায় লেবানন সরকার, পাল্টা বার্তা দিল ইরান! কী বললেন আলি লারিজানি বৈরুতে?

সিরিয়ার পর এবার লেবাননে টানটান পরিস্থিতি। হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য সেনাবাহিনীকে পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে লেবানন সরকার। ঠিক এই সময়েই বুধবার বৈরুত সফরে গিয়ে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি ঘোষণা দিলেন— লেবাননের প্রতি ইরানের সমর্থন কোনো অবস্থাতেই থামবে না।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান লারিজানি বলেন, “যদি লেবাননের মানুষ কষ্টে থাকে, আমরাও সেই কষ্ট অনুভব করি এবং সব পরিস্থিতিতে লেবাননের প্রিয় জনগণের পাশে থাকব।”

বৈরুত বিমানবন্দর সড়কে শতাধিক হিজবুল্লাহ সমর্থক লারিজানিকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন, এ সময় সমর্থকেরা স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

লারিজানির এ সফরে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এবং সংসদ স্পিকার ও হিজবুল্লাহ-ঘনিষ্ঠ রাজনীতিক নাবিহ বেরির সঙ্গে বৈঠক করবেন।

২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে হিজবুল্লাহর প্রভাব কমতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র-সমর্থিত নতুন লেবানন সরকার এখন এই গোষ্ঠীকে আরও সীমিত করার চেষ্টা চালাচ্ছে।

ইরান-সমর্থিত হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মিলে গঠন করেছে তথাকথিত ‘প্রতিরোধের অক্ষ’— যারা ইসরায়েলের বিরুদ্ধে একজোট। তবে গত ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ইরান থেকে লেবাননে অস্ত্র সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে।