এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবার আয়োজন করতে যাচ্ছে বিসিবি অ্যাওয়ার্ড নাইট। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, হাই পারফরম্যান্স ফর অল প্রোগ্রামের অংশ হিসেবে ক্রিকেটারদের মনোবল বাড়াতে এবং তাদের কৃতিত্ব সম্মানিত করতে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী। যদি সেপ্টেম্বর সম্ভব না হয়, আয়োজন পিছিয়ে যাবে ডিসেম্বর পর্যন্ত।
বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে তিনটি বোর্ড সভা করেছেন আমিনুল ইসলাম বুলবুল। তৃতীয় সভার পর তিনি সংবাদ সম্মেলনে জানান, হাই পারফরম্যান্স ফর অল প্রোগ্রামের অধীনে এবার আবার শুরু হচ্ছে বিসিবি অ্যাওয়ার্ড নাইট। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হতে পারে এই পুরস্কার বিতরণী।
সবশেষ ২০০৬ সালে এই অনুষ্ঠান আয়োজন করেছিল বিসিবি। নানা কারণে এরপর তা বন্ধ হয়ে যায়। তবে দীর্ঘ ১৯ বছর পর নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে আবারও দেখা যাবে জমকালো এই আয়োজন।
আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর টাইগাররা সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে যাবে। তার আগেই আয়োজন করতে চাইছে বিসিবি। ইতোমধ্যে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু হয়েছে এবং তারা প্রেজেন্টেশনও দিয়েছে।
যদি কোনো কারণে সেপ্টেম্বর মাসে আয়োজন সম্ভব না হয়, তবে অনুষ্ঠান পিছিয়ে ডিসেম্বর পর্যন্ত যেতে পারে।
গত ৩০ জুনের বোর্ড সভার পরে সভাপতি বুলবুল বলেন, “হাই পারফরম্যান্স ফর অল প্রোগ্রামের অধীনে ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে উৎসাহিত করতে আমরা ক্রিকেট অ্যাওয়ার্ড নাইট আয়োজন করব। এটি এক বছরের জন্য নয়, বরং চার-পাঁচ বছর চালিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।”