এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৯ পিএম
পপ মার্ট ইন্টারন্যাশনাল গ্রুপের সবচেয়ে জনপ্রিয় ‘লাবুবু’ পুতুল এবার যেন খেলনার দুনিয়ায় নতুন ইতিহাস গড়ছে। এই সাফল্যের জোয়ারে কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও ওয়াং নিং সম্পদের দিক থেকে আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা’কেও ছাড়িয়ে গেছেন। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র ৩৮ বছর বয়সে তিনি এখন চীনের সবচেয়ে কনিষ্ঠ শীর্ষ ধনী।
ফোর্বসের হিসাব বলছে, ওয়াং নিং-এর বর্তমান সম্পদ দাঁড়িয়েছে ২৭.৫ বিলিয়ন মার্কিন ডলার। এর বেশিরভাগই পপ মার্টের শেয়ারের ওপর নির্ভরশীল। রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকায় তিনি এখন অষ্টম স্থানে। তার সম্পদ জ্যাক মা’র ২৬.৭ বিলিয়ন ডলারের চেয়েও বেশি, এমনকি চিপ নির্মাতা ক্যামব্রিকন টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা চেন তিয়ানশির ২৫.১ বিলিয়ন ডলারকেও ছাড়িয়ে গেছে।
শুধু তাই নয়, চলতি বছর পপ মার্টের হংকং-তালিকাভুক্ত শেয়ারের দাম ২৫০ শতাংশের বেশি বেড়েছে। বর্তমানে কোম্পানির বাজারমূল্য দাঁড়িয়েছে ৪৩৫.৭ বিলিয়ন হংকং ডলার (৫৬ বিলিয়ন মার্কিন ডলার)। যা একসঙ্গে বার্বি নির্মাতা ম্যাটেল আর আমেরিকান খেলনা জায়ান্ট হ্যাসব্রোর বাজারমূল্যের তিন গুণেরও বেশি।
সম্প্রতি পপ মার্ট চীনে উন্মোচন করেছে নতুন সিরিজ ‘লাবুবু ৪.০’। খরগোশের মতো দেখতে এই চরিত্রগুলোর সূচালো কান, বাঁকা দাঁত আর মুখভরা দুষ্টু হাসি মুহূর্তেই ভক্তদের মন জয় করেছে। প্রতিটি পুতুলের দাম ৭৯ ইউয়ান (প্রায় ১১ মার্কিন ডলার)। সিরিজটিতে আছে ২৮ ধরনের রঙের ভ্যারিয়েশন ও দুটি বিশেষ সংস্করণ, যেগুলো পাওয়া বেশ কঠিন।
উন্মোচনের কয়েক মিনিটের মধ্যেই উইচ্যাট আর টিমল-এ পপ মার্টের অনলাইন স্টোর থেকে সব পুতুল শেষ হয়ে যায়। এমনকি চীনের সেকেন্ড-হ্যান্ড প্ল্যাটফর্ম জিয়ানইয়ু-তে এগুলো দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।
বছরের শুরুতেই ওয়াং নিং ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২৫ সালে পপ মার্ট সহজেই ৩০ বিলিয়ন ইউয়ান আয়ের মাইলফলক ছুঁবে। ইতিমধ্যেই বছরের প্রথম ছয় মাসে কোম্পানির বিক্রি হয়েছে ১৩.৯ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের তুলনায় ২০৪.৪ শতাংশ বেশি। এ সময় শেয়ারহোল্ডারদের জন্য নিট মুনাফা দাঁড়িয়েছে ৪.৬ বিলিয়ন ইউয়ান—যা গত বছরের তুলনায় ৩৯৭ শতাংশ বেশি।
কোম্পানির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এবং আশপাশের অঞ্চলগুলো এখন তাদের দ্রুততম বর্ধনশীল বাজার। শুধু এ বছর প্রথম ছয় মাসেই ওই অঞ্চলে বিক্রি বেড়েছে ১০০০ শতাংশেরও বেশি, যা দাঁড়িয়েছে ২.৩ বিলিয়ন ইউয়ানে।
শুধু সাধারণ ক্রেতারাই নয়, ‘লাবুবু’ এখন সেলিব্রিটি কালেকশনেরও অংশ। ইতিমধ্যেই পুতুল সংগ্রহ করেছেন পপ তারকা রিহানা, কিম কার্দাশিয়ান এবং ব্ল্যাকপিংকের লিসা। পপ মার্ট জানিয়েছে, আগামী শুক্রবার থেকে মিনি-লাবুবু সিরিজ অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারেও পাওয়া যাবে।