এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৯ পিএম
মাত্র ১৫ বছর বয়সী ইসেলা আনাহি সান্তিয়াগো মোরালেস হয়তো স্বপ্নেও ভাবেননি, তার জন্মদিন এভাবে জাতীয় খবরে পরিণত হবে। সান লুইস পোটোসি রাজ্যের ছোট্ট শহর আক্সটলা দে টেরাজাসের এই কিশোরী যখন গোলাপি ভিনটেজ গাউন পরে বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নামলেন, তখন ক্যামেরার ফ্ল্যাশ একসাথে জ্বলে উঠল, সাংবাদিকরা ঘিরে ধরলেন, আর বন্ধুরা তাকে মঞ্চে পৌঁছে দিতে মানববেষ্টনী গড়ে তুলল।
কয়েক সপ্তাহ আগেও পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় আবর্জনা সংগ্রহকারীর মেয়ে ইসেলার কুইনসিয়ানেরা (ল্যাটিন আমেরিকায় ১৫তম জন্মদিন উপলক্ষে মেয়েদের জন্য বিশেষ উদযাপন) খুব ছোট করে আয়োজন করা হয়েছিল। তার বাবা-মা খাবার বানিয়েছিলেন, বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু হতাশাজনকভাবে, খুব কম মানুষই এসেছিলেন। ইসেলার বাবা র্যামন তখন ফেসবুকে পোস্ট করেছিলেন—“আমাদের কাছে প্রায় ৪০ জনের জন্য খাবার আছে, যে কেউ আসতে পারেন।” আর এই সাধারণ পোস্টই উল্টে দিল সবকিছু।
ইসেলার পরিবার টিনের ছাদওয়ালা ছোট্ট কাঠের ঘরে থাকে। মা নাহুয়াতল আদিবাসী ঐতিহ্যের মানুষ, বাবা-মা দুজনই আবর্জনা সংগ্রহ করে সংসার চালান। সীমিত সঞ্চয় খরচ করে মেয়ের জন্মদিনের আয়োজন করেছিলেন। কিন্তু যখন হল ফাঁকা রইল, তখন তাদের মন ভেঙে গিয়েছিল।
এরপর শুরু হয় এক অবিশ্বাস্য যাত্রা। স্থানীয় এক আলোকচিত্রী বিনামূল্যে ছবি তুলতে এগিয়ে আসেন, আরেকজন ডিজে জেরোনিমো রোজালেস প্রতিশ্রুতি দেন সঙ্গীত দেওয়ার। তিনি বলেন, “প্রতিটি কিশোরীই চায় তার কুইনসিয়ানেরা স্মরণীয় হোক। ইসেলাকে একা ফেলে দেওয়া অন্যায় ছিল। আমি ভেবেছিলাম, না, এটাকে এভাবে যেতে দিতে পারি না।”
দেখতে দেখতে বিষয়টি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পৌরসভা স্টেডিয়াম ভেন্যু হিসেবে অফার করে, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দান করতে শুরু করেন। আরেকটু পরই যা হয়েছিল ছোট্ট পার্টি, তা রূপ নিল হাজারো মানুষের জমকালো উৎসবে। প্রবল বর্ষণের মাঝেও মানুষ আসতে থাকে।
এক ডজনেরও বেশি ব্যান্ড ফ্রি কনসার্ট করে, রাজনীতিবিদরা বক্তৃতা দেন, এমনকি রাজ্য সরকারও অর্থায়ন করে। ইসেলা ঐতিহ্যবাহী কোরিওগ্রাফড নৃত্য পরিবেশন করেন ছয় কিশোর নৃত্যশিল্পীর সঙ্গে। দর্শকের সংখ্যা ছিল প্রায় ২,০০০—মেক্সিকোর নানা শহর থেকে এমনকি টেক্সাস থেকেও অনেকে ছুটে এসেছিলেন।
ডালাস থেকে আসা সারাই রোজালেস বললেন, “আমরা টিভিতে এই খবর দেখে উত্তেজিত হয়েছিলাম। তাই পরিবার নিয়ে চলে এসেছি।”
২০১৬ সালে একই রাজ্যে রুবি ইবারা নামের আরেক কিশোরীর কুইনসিয়ানেরাও ভাইরাল হয়েছিল। তবে এবার ইসেলার গল্প আরও হৃদয়স্পর্শী হয়ে ওঠে এক বিশেষ কারণে—পার্টিতে তিনি উপহার চাইতে না করে সবাইকে অনুরোধ করেছিলেন অসহায় শিশুদের জন্য খেলনা দিতে।
কিন্তু রাতে ঘটে গেল আরও বড় চমক। মঞ্চে তাকে দেওয়া হয় একটি খাম—যার ভেতরে ছিল জমির কাগজপত্র। হ্যাঁ, এখন ইসেলার নামে ৯০ বর্গমিটার জমি আছে তার নিজের শহরে। এছাড়া পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় সরকার তাকে বৃত্তিও দিয়েছে।
তার প্রাক্তন শিক্ষক ইলিয়ানা ওর্তেগা বললেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই সহায়তা যেন দীর্ঘস্থায়ী হয়। ইসেলার স্বপ্ন শিক্ষক হওয়ার, কর্তৃপক্ষ যদি পাশে থাকে তবে সে অবশ্যই সফল হবে।”
রাতভর চলল পার্টি, ভোর পর্যন্ত। বৃষ্টি ফিরে এল বারবার, কিন্তু জনতা সরেনি। জন্মদিনের কেক কাটতে গিয়ে ইসেলা অবশেষে চওড়া হাসি দিলেন—এক মুহূর্তের জন্য সব উদ্বেগ মিলিয়ে গেল।
খ্যাতির ঝড়ের পর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে, ইসেলা শুধু কাঁধ ঝাঁকিয়ে বললেন, “আমি জানি না।” তবে এক রাতের জন্য হলেও, তার ছোট্ট শহরের মেয়ে হয়ে ওঠে পুরো জাতির উদযাপনের কেন্দ্রবিন্দু।