ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
Logo
logo

মালয়েশিয়ায় অবৈধ বিনোদনকেন্দ্রে অভিযান! মিয়ানমারের ৮৩ নাগরিক আটক, হোস্টেস থেকে গ্রাহক সবাই জালে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৯ পিএম

মালয়েশিয়ায় অবৈধ বিনোদনকেন্দ্রে অভিযান! মিয়ানমারের ৮৩ নাগরিক আটক, হোস্টেস থেকে গ্রাহক সবাই জালে

মালয়েশিয়ার জোহরে একের পর এক অবৈধ বিনোদনকেন্দ্রে পুলিশের অভিযান চালিয়ে আটক করা হয়েছে মিয়ানমারের ৮৩ নাগরিককে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জোহরের আটটি বিনোদনকেন্দ্রে একযোগে এই অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে আছেন পরিচর্যাকারী, হোস্টেস, এমনকি গ্রাহকরাও।

রাজ্য পুলিশের প্রধান সিপি দাতুক কামারুল জামান মামাত এক বিবৃতিতে জানান, গত ৩০ ও ৩১ আগস্ট জোহর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বয়স ২২ থেকে ৪৭ বছরের মধ্যে। তাঁদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ৩৬ জন নারী।

তিনি আরও জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জন পরিচর্যাকারী, ২৯ জন হোস্টেস, একজন রাঁধুনি এবং ৪৪ জন গ্রাহক। এদের বেশিরভাগের কাছেই বৈধ ভ্রমণ নথি ছিল না।

অভিযানে জানা যায়, যেসব বিনোদনকেন্দ্রে অভিযান চালানো হয়েছে, সেগুলো বৈধ ব্যবসা বা বিনোদন লাইসেন্স ছাড়াই চলছিল। শুধু তাই নয়, অনুমতি ছাড়া বিদেশি শ্রমিকও নিয়োগ দেওয়া হয়েছিল। এ সময় জব্দ করা হয় হিসাবের খাতা, বিক্রির রসিদ, মোবাইল ফোন, ট্যাবলেট এবং নগদ ৫,০৮৮ রিঙ্গিত।

এ ঘটনায় একাধিক আইনের অধীনে তদন্ত শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে জোহর এন্টারটেইনমেন্ট অ্যান্ড প্লেসেস অব এন্টারটেইনমেন্ট ইন্যাক্টমেন্ট ১৯৯৮, জোহর বাহরু সিটি কাউন্সিল ট্রেড, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স বাই লস ২০১৬, লোকাল গভর্নমেন্ট অ্যাক্ট ১৯৭৬ এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩।

পুলিশ প্রধান কামারুল জামান বলেন, অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। তার ভাষায়, “এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না।” পাশাপাশি সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে, অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে জোহর পুলিশের হটলাইন নম্বরে যোগাযোগ করতে।