ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ট্রাম্পের শুল্কে চাপে ভারতের অর্থনীতি! রুপির রেকর্ড নিম্ন, শেয়ারবাজারে উত্থান-পতনের দোলাচলে উত্তেজনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৯ পিএম

ট্রাম্পের শুল্কে চাপে ভারতের অর্থনীতি! রুপির রেকর্ড নিম্ন, শেয়ারবাজারে উত্থান-পতনের দোলাচলে উত্তেজনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কারণে ভারতের অর্থনীতি টালমাটাল। যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি হুমকির মুখে পড়ায় রুপির দর রেকর্ড সর্বনিম্ন ৮৮.৩৩-এ নেমে যায়, দিনের শেষে সামান্য ঘুরে দাঁড়িয়ে ৮৮.১০-এ স্থির হয়। পাশাপাশি শেয়ারবাজারেও ওঠাপড়া লক্ষ্য করা গেছে।

ফরেক্স ব্যবসায়ীরা জানাচ্ছেন, বিদেশি তহবিলের বহিঃপ্রবাহ এবং ডলারের চাহিদা বৃদ্ধির কারণে রুপির ওপর চাপ বেড়েছে। তিন সেশনের মধ্যে বিদেশী বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারবাজার থেকে প্রায় ২.৪ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন। সিআর ফরেক্স অ্যাডভাইজর্সের ব্যবস্থাপনা পরিচালক অমিত পাবাড়ি বলেন, “এ ধরনের ব্যাপক বহিঃপ্রবাহ শুধু রুপিকে চাপে ফেলছে না, স্বল্পমেয়াদি বিনিয়োগকেও সন্দেহের মুখে ঠেলে দিচ্ছে।”

তিনি আরও বলেন, রুপির জন্য ৮৮.৫০ একটি বড় প্রতিরোধ সীমা, আর ৮৭.৫০ সমর্থন সীমা হতে পারে। তবে শুল্কসংক্রান্ত অনিশ্চয়তা কাটতে না পারায় ঝুঁকি এখনো রয়েছে।

একই সময়ে ডলারের সূচক ০.০৮ শতাংশ বেড়ে ৯৭.৮৪-এ দাঁড়িয়েছে, এবং ব্রেন্ট ক্রুড তেলের দাম ০.৪৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৮.৪৫ ডলারে পৌঁছেছে।

ভারতের শেয়ারবাজারে কিছুটা উত্থান দেখা গেছে। সেনসেক্স বেড়েছে ২০৭.৪৫ পয়েন্ট, ৮০,৫৭১.৯৪-এ, আর নিফটি বেড়ে ২৪,৬৮৫.৮৫-এ। তবে এক্সচেঞ্জের তথ্যানুযায়ী, সোমবার বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১,৪২৯.৭১ কোটি রুপির শেয়ার বিক্রি করেছেন।

এদিকে ট্রাম্প দাবি করেছেন, ভারত এখন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু তার মতে এই সিদ্ধান্ত অনেক দেরিতে এসেছে। তিনি বলেন, “ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক এতদিন ধরে একতরফা বিপর্যয় ছাড়া আর কিছুই নয়।”