ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৬ | ৩ ফাল্গুন ১৪৩২
Logo
logo

১০ বছর পর আবারও বিয়ে-বাবা হওয়ার খবর জানালেন নগরবাউল জেমস, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন জীবনে রকস্টার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম

১০ বছর পর আবারও বিয়ে-বাবা হওয়ার খবর জানালেন নগরবাউল জেমস, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন জীবনে রকস্টার

রকস্টার নগরবাউল জেমস আবারও পুত্র সন্তানের বাবা হয়েছেন। তার দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন। বিয়ের পর নামিয়া তার নামের সঙ্গে 'আনাম' নামটি যুক্ত করেছেন। চলতি বছরের জুনে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে জিবরান আনাম।

'বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন'—সংবাদমাধ্যমকে বাবা হওয়ার অনুভূতি ঠিক এভাবেই জানিয়েছেন জেমস।

যেভাবে নামিয়ার সঙ্গে পরিচয় হলো
২০১৪ সালে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বেনজীর সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদ হয় জেমসের। এরপর এক দশক একা কাটিয়েছেন এই রকস্টার। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয় হয় এবং এই পরিচয় থেকে প্রেম ও পরিণয়। তবে এটি কোনো কনসার্ট ছিল না, এমনকি জেমস সম্পর্কে আগে থেকে তেমন কিছু জানতেনও না নামিয়া!

পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয়। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জন্ম হয় জিবরানের। জেমসসহ পরিবারের অন্যান্য সদস্য তখন সঙ্গে ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে দেশে ফেরেন তারা। জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে, তিনি সেখানকার জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন।

জেমসের ব্যক্তিগত জীবন
ব্যক্তিজীবনে এর আগে দুইবার বিয়ে করেছেন জেমস। তার প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের, এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। প্রথম পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।