এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২৫, ০৪:১২ পিএম

এবার এখনো মাঠে গড়ায়নি লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নতুন আসর। তবে শ্রীলঙ্কা ক্রিকেট আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে—আগামী বছরের ৮ জুলাই থেকেই শুরু হবে এলপিএলের পরবর্তী মৌসুম।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ আগস্ট। মূলত ২০২৫ সালের ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সময়সূচি বদলে দেওয়া হয়। এর ফলে নির্ধারিত সময়ে লঙ্কান ক্রিকেটাররা আইএল টি-টোয়েন্টি ও বিপিএল–এ অংশ নিতে পারবেন।
শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখেই সময়সূচি বদলানো হয়েছে। আগামী ফেব্রুয়ারি–মার্চে শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের ‘হোস্ট’ হিসেবে ভেন্যু প্রস্তুত রাখতে যথেষ্ট সময় লাগবে—এ কারণেই এলপিএল পেছানো হয়েছে। নতুন সূচিতে পাঁচ দলের এই ঘরোয়া টি–টোয়েন্টি লিগ আবারও বছরের মাঝামাঝি সময়ে আয়োজন করা হবে।
শ্রীলঙ্কা ক্রিকেটের মিডিয়া ম্যানেজার প্রসন্না রদ্রিগো বলেন,
“ভেন্যু প্রস্তুত রাখার সময় এবং বিশ্বকাপ আয়োজনের সার্বিক পরিকল্পনা বিবেচনায় নিয়েই এলপিএলের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।”