এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২৫, ০৮:১২ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিষ্কার নিষেধাজ্ঞার পরও দক্ষিণ সিরিয়ায় আবারও সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। নতুন হামলায় কুনেইত্রা প্রদেশের একটি পরিত্যক্ত সামরিক চৌকি ধ্বংস করে দিয়েছে দেশটি।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া জানায়, ইসরায়েলের দুটি ট্যাঙ্ক এবং দশটি সামরিক যান দক্ষিণ কুনেইত্রার সামদানিয়া আল-শারকিয়া গ্রামে ঢুকে ওই পুরোনো স্থাপনা উড়িয়ে দেয়। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী বা সিরীয় কর্তৃপক্ষ।
এর আগে গত ২৪ ঘণ্টায় একই এলাকায় আরও দুটি গ্রামে অভিযান চালিয়েছে ইসরায়েল। কয়েক মাস ধরেই দক্ষিণ সিরিয়ায় প্রায় প্রতিদিনই এ ধরনের হামলা চলছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
গত ১ ডিসেম্বর সিরিয়া ইস্যুতে ইসরায়েলকে সর্তকবার্তা দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেন, “সিরিয়ার সঙ্গে সংলাপ বজায় রাখা ইসরায়েলের জন্য খুব গুরুত্বপূর্ণ। এমন কিছু করা যাবে না, যা সিরিয়ার একটি সমৃদ্ধ রাষ্ট্র হওয়ার পথে বাধা সৃষ্টি করে।”
সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারার প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, শারা শান্তির পরিবেশ গড়তে কঠোর পরিশ্রম করছেন। তিনি শারার সরকারকে সিরিয়া পুনর্গঠনের জন্য একটি “ঐতিহাসিক সুযোগ” বলেও উল্লেখ করেন।
সিরীয় সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে দক্ষিণাঞ্চলে ইসরায়েল এক হাজারের বেশি বিমান হামলা এবং ৪০০–রও বেশি স্থল অভিযান চালিয়েছে।
গত বছর বাশার আল-আসাদ সরকার পতনের পর ইসরায়েল জাতিসংঘের তত্ত্বাবধানে থাকা বাফার জোন দখল করে গোলান মালভূমিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও বাড়িয়েছে। যা ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তির সরাসরি লঙ্ঘন বলে অভিযোগ উঠেছে।