এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম

খেলার শুরুটা দেখে মনে হচ্ছিল যেন ম্যানচেস্টার ইউনাইটেড অনায়াসে জিতে যাবে। সেই লক্ষ্যেই তারা গোল করে এগিয়েও গিয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না! ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হয়েছে রেড ডেভিলসদের। তারা ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।
গোলশূন্য প্রথমার্ধ: ওল্ড ট্রাফোর্ডে খেলার শুরু থেকেই ম্যানইউ সফরকারী ওয়েস্টহ্যামের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে। ওয়েস্টহ্যামও মাঝেমধ্যে পাল্টা আক্রমণ চালায়। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে নাটক: গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা ম্যাচের ডেডলক ভাঙে। ম্যাচের ৫৮তম মিনিটে বক্সের ভেতর জটলার মধ্য থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় তা জালে জড়িয়ে ম্যানইউকে ১-০ গোলে এগিয়ে দেন ডিয়োগো দালোত।
যখন ম্যানচেস্টার ইউনাইটেড জয়ের সুবাতাস পাচ্ছিল, ঠিক তখনই হিসাব পাল্টে দেন ওয়েস্টহ্যামের মিডফিল্ডার মাগাসা। ৮৩তম মিনিটে দারুণ এক প্লেসিং শটে তিনি ওয়েস্টহ্যামকে সমতায় ফেরান। শেষ মুহূর্তে গোল হজম করায় ঘরের মাঠে হতাশাই সঙ্গী হয় রেড ডেভিলসদের।
পয়েন্ট টেবিলে অবস্থান: এই ড্রয়ের ফলে ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে হুবেন অ্যামুরির দল অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেড টেবিলের ৮ নম্বরে আছে। অন্যদিকে, ওয়েস্টহ্যাম ইউনাইটেড ১২ পয়েন্ট নিয়ে আছে ১৮তম স্থানে।