ঢাকা, শনিবার, মার্চ ১৪, ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২
Logo
logo

মেসির যে কোনো সিদ্ধান্তকে সমর্থন দেবে চ্যাম্পিয়নরা! স্কালোনির কথায় বিরাট ইঙ্গিত!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:১২ পিএম

মেসির যে কোনো সিদ্ধান্তকে সমর্থন দেবে চ্যাম্পিয়নরা! স্কালোনির কথায় বিরাট ইঙ্গিত!

আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযানে মহাতারকা লিওনেল মেসি অংশ নেবেন কি না, সে বিষয়ে তিনি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে খেলার বিষয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল জাদুকরের যেকোনো সিদ্ধান্তকেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সমর্থন জানাবে বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি ।

২০২৬ বিশ্বকাপের ড্রয়ে আর্জেন্টিনা 'জে' গ্রুপে জায়গা পেয়েছে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান।

শুক্রবার ওয়াশিংটন ডিসিতে গ্রুপ নির্ধারণের অনুষ্ঠান শুরুর আগে বিশ্বকাপে মেসির খেলা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোচ স্কালোনি। তিনি জানান, তারা এখনও মেসির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

কোচ বলেন, "সিদ্ধান্ত সে নিজেই নেবে। আর সে যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটাকেই সমর্থন করব। মোটের ওপর সবকিছু ভালোই চলছে, তবে ছয় মাস অনেক সময়। এখনও সময় আছে। আমরা আশা করি সে সম্পূর্ণ ভালো থাকবে এবং নিজের জন্য ও জাতীয় দলের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নেবে।" গত বৃহস্পতিবার ইন্টার মায়ামির (Inter Miami) অধিনায়ক মেসিও জানিয়েছিলেন, বিশ্বকাপে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি এখনও নেননি।