ঢাকা, শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২
Logo
logo

বড় সুখবর প্রবাসীদের! সৌদি আরবের পর্যটন খাতে একাই লাগবে ১৬ লাখের বেশি কর্মী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৬, ০২:০১ পিএম

বড় সুখবর প্রবাসীদের! সৌদি আরবের পর্যটন খাতে একাই লাগবে ১৬ লাখের বেশি কর্মী

সৌদি আরবে পর্যটন খাত দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে, আর এর সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে বিশাল কর্মসংস্থানের দুয়ার। শুধু ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকেই এই খাতে ১০ লাখের বেশি মানুষের চাকরি হয়েছে, যার বড় অংশই প্রবাসী কর্মী। সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্য বলছে, গত বছরের তৃতীয় প্রান্তিকে পর্যটন খাতে নিয়োগ পেয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ৫২০ জন, যা মোট শ্রমশক্তির ৭৫ দশমিক ৭ শতাংশ।

পরিসংখ্যান কর্তৃপক্ষ প্রকাশিত সর্বশেষ ট্যুরিজম এস্টাবলিশমেন্টস স্ট্যাটিস্টিকস প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে দেশটির পর্যটন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ ৯ হাজার ৬৯১ জনে। যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ বেশি।

শুধু কর্মসংস্থান নয়, বাড়ছে পর্যটন ও হসপিটালিটি খাতের প্রতিষ্ঠানও। লাইসেন্সপ্রাপ্ত হোটেল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংখ্যা বছরে ৪০ দশমিক ৬ শতাংশ বেড়ে তৃতীয় প্রান্তিকে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২২টিতে।

‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে সৌদি আরব জিডিপিতে পর্যটন খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করতে চায়। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে ১৬ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বছরে ১৫ কোটি পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত বছরের শেষ প্রান্তিকে ১০ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি হওয়াকে এই লক্ষ্য পূরণের পথে বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।

সৌদি আরবের এই পর্যটন উত্থান বাংলাদেশি প্রবাসীদের জন্যও বড় সুখবর। ২০২৫ সালে সৌদি আরবে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে ৭ লাখ ৫০ হাজারের বেশি কর্মী। এটি এক বছরে কোনো একক দেশে বাংলাদেশের সর্বোচ্চ জনশক্তি প্রেরণের রেকর্ড। এসব কর্মীর বড় একটি অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন খাতেই যুক্ত রয়েছেন।

বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের জন্য সর্বোচ্চ ৩ লাখ নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে।