এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:০১ পিএম

ইসরায়েল আরও সাতজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। মুক্তির পর তারা আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)-এর তত্ত্বাবধানে দক্ষিণ গাজার কেরেম আবু সালেম সীমান্ত দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করেন। পুরো হস্তান্তর প্রক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল রেড ক্রসের।
গাজায় প্রবেশের পর বন্দিদের মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার আল-আকসা শহীদ হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আনাদোলু বার্তা সংস্থা জানিয়েছে, এই মুক্তি এমন এক সময়ে এসেছে যখন গাজা উপত্যকায় মানবিক সংকট ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘ যুদ্ধ এবং অবরোধের কারণে হাসপাতালগুলোতে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং জনশক্তির তীব্র ঘাটতি দেখা দিয়েছে। পাশাপাশি আহত ও অসুস্থ রোগীর চাপও বাড়ছে।
ফিলিস্তিনি সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলি কারাগারে ৯ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছে। এর মধ্যে অন্তত ৩ হাজার ৩৮৫ জনকে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটক হিসেবে রাখা হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, যুদ্ধ শুরুর পর বিশেষ করে গাজার ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে ইসরায়েল গুরুতর মানবাধিকার লঙ্ঘন বাড়িয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে অনাহার, শারীরিক নির্যাতন, যৌন সহিংসতা এবং চিকিৎসাসেবা ও মৌলিক অধিকার পদ্ধতিগতভাবে অস্বীকার করা।