এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে কথা বললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ের সামনের সড়কে তিনি তাদের সঙ্গে দেখা করেন এবং খোঁজখবর নেন।
এ সময় হতাহত শিশুদের পরিবারের সদস্যরা তারেক রহমানের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন।
এক আহত শিশুর মা বলেন, “আমাদের আহত সন্তানদের চিকিৎসার জন্য ৫ লাখ আর শহীদ শিশুদের পরিবারকে ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। একটা শহীদ শিশুর জীবনের মূল্য কি মাত্র ২০ লাখ টাকা? অনেক শিশুর অপারেশন করতে হচ্ছে। এখন বিমানবাহিনী সব সহায়তা বন্ধ করে দিয়েছে। হাসপাতালে বারবার যেতে হচ্ছে, সেখানেও আমরা নিগ্রহের শিকার হচ্ছি।”
আরেক আহত শিশুর মা বলেন, “আমার বাচ্চার বাবা নেই। মাইলস্টোনে বিমান হামলায় আহত হয়ে এখন ও হাঁটতেও পারে না।”
সবার কথা মন দিয়ে শোনার পর তারেক রহমান ধৈর্য ধরার পরামর্শ দেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
হতাহত শিশুদের পরিবারের পক্ষে এক বাবা বলেন, “আমরা যে দাবিগুলো নিয়ে এসেছি, সেগুলো স্মারকলিপিতেই লিখে দিয়েছি। এত অল্প সময়ে মুখে বলা সম্ভব হয়নি। মূলত চার-পাঁচটা মূল দাবি ছিল। প্রথম দাবি—বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের শহীদ মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করা। আহত সন্তানদের আজীবন পুনর্বাসন এবং একটা হেলথ কার্ড করে দেওয়া—যেটা সিএমএস থেকে আমাদের চাওয়া। স্মৃতি সংরক্ষণের জন্য উত্তরায় একটা মসজিদ বা মাদরাসার মতো কিছু করা।”
তিনি আরও বলেন, “জয়নুল আবেদিন একটা রিট করেছিলেন, সেই রিটের বাস্তবায়ন চাই আমরা। এই হচ্ছে আমাদের দাবি। আমরা স্মারকলিপি তারেক রহমানকে দিয়েছি। তিনি বলেছেন, এখন পরিস্থিতির কারণে তার সময় বের করতে সমস্যা হচ্ছে। হয়তো শিগগিরই আমাদের ডাকবেন এবং কথা বলবেন।”