ঢাকা, সোমবার, মার্চ ১৬, ২০২৬ | ২ চৈত্র ১৪৩২
Logo
logo

ট্রাম্পের ইরান হামলার নেশা যায়নি! রণতরী-যুদ্ধবিমান পাঠিয়ে তেহরানে চূড়ান্ত আক্রমণের প্ল্যান কষছেন?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম

ট্রাম্পের ইরান হামলার নেশা যায়নি! রণতরী-যুদ্ধবিমান পাঠিয়ে তেহরানে চূড়ান্ত আক্রমণের প্ল্যান কষছেন?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা থেকে ইরানে হামলার চিন্তা এখনো যায়নি। বরং তিনি তার ঘনিষ্ঠ সহযোগীদের তেহরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা তৈরির নির্দেশ দিচ্ছেন। এই হামলাকে 'চূড়ান্ত হামলা' বলে উল্লেখ করছেন তিনি। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এমনটাই জানিয়েছে।

বুধবার ২১ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে ওয়ালস্ট্রিট জার্নাল লিখেছে, আগে একবার ইরানে হামলার প্রস্তুতি স্থগিত রাখার কথা বললেও এখন আবার নতুন পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিচ্ছেন ট্রাম্প।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে হামলা নিয়ে আলোচনার সময় ট্রাম্প একাধিকবার এটাকে 'চূড়ান্ত হামলা' বলে বর্ণনা করেছেন। তার এই নির্দেশের পর হোয়াইট হাউজ আর প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) বিভিন্ন সামরিক ও রাজনৈতিক অপশন তুলে ধরেছে।

এসব অপশনের মধ্যে ইরানের সরকার পতনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অবকাঠামোর ওপর সীমিত হামলার বিষয়টিও আলোচনায় আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তবে কর্মকর্তারা বলছেন, ট্রাম্প এখনো হামলার পরিকল্পনা থেকে সরে যাননি, কিন্তু শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবেন—তা এখনো চূড়ান্ত হয়নি।

ওয়ালস্ট্রিট জার্নাল এই খবর প্রকাশ করেছে ঠিক এমন সময়ে, যখন মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আর যুদ্ধবিমান। উল্লেখ্য, এই যুদ্ধবিমান আর রণতরীগুলো আগে ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন করা হয়েছিল—ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পরিকল্পনার অংশ হিসেবে।