ঢাকা, শনিবার, জুন ৬, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

বিশ্বকাপ বয়কটের গুজবের মাঝেই পাকিস্তান দল কলম্বোর পথে, চূড়ান্ত সিদ্ধান্ত নাকি শনিবার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

বিশ্বকাপ বয়কটের গুজবের মাঝেই পাকিস্তান দল কলম্বোর পথে, চূড়ান্ত সিদ্ধান্ত নাকি শনিবার

বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও পাকিস্তান ক্রিকেট দল প্রস্তুতির পথে এগোচ্ছে। স্কোয়াড ঘোষণা হওয়ার পর এবার দলের বিমানের টিকিটও বুক করা হয়েছে। আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) পাকিস্তান দল কলম্বোর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভিএর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্তও শিগগিরই আসার সম্ভাবনা রয়েছে।

টেলিকম এশিয়া স্পোর্টস সূত্রে জানা গেছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গে একই ফ্লাইটে লাহোর থেকে কলম্বো যাওয়ার টিকিট নিশ্চিত করেছে। একই সূত্র জানিয়েছে, শুক্রবারের মধ্যে বিশ্বকাপে অংশ নেওয়া বা না নেওয়া বিষয়ে নাকভির চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন পিসিবি প্রধান। এটি মূলত বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং সংহতির অংশ হিসেবে নেওয়া অবস্থান।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে না খেলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের আবেদন করেছিল। তবে আইসিসি সেই প্রস্তাব নাকচ করে দেয়। পরবর্তীতে স্বাধীন নিরাপত্তা মূল্যায়নের মাধ্যমে আশ্বাস দেওয়া হলেও বিসিবি ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। এর ফলে শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকে বাদ দেয়।

টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড

সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফায় (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।