ঢাকা, শনিবার, জুন ৬, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

ম্যাচ ফিক্সিংয়ে চীনা ফুটবলে ভূমিকম্প, সাবেক কোচসহ ৭৩ জন আজীবন নিষিদ্ধ ঘুষ কাণ্ডে বড় শাস্তি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৬, ০১:০১ পিএম

ম্যাচ ফিক্সিংয়ে চীনা ফুটবলে ভূমিকম্প, সাবেক কোচসহ ৭৩ জন আজীবন নিষিদ্ধ ঘুষ কাণ্ডে বড় শাস্তি

চীনের ফুটবলে দুর্নীতির বিরুদ্ধে চলমান কড়া অভিযানে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)। ম্যাচ ফিক্সিং ও ঘুষ কাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ৭৩ জনকে আজীবনের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে।

নিষিদ্ধদের তালিকায় আছেন চীনের সাবেক জাতীয় দলের প্রধান কোচ লি তিয়ে। পাশাপাশি দেশটির ১৩টি শীর্ষ পেশাদার ফুটবল ক্লাবের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট শি চিনপিংয়ের নেতৃত্বে চীনে সাম্প্রতিক বছরগুলোতে ফুটবলের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এই নীতির অংশ হিসেবেই একের পর এক বড় পদক্ষেপ দেখা যাচ্ছে।

এই অভিযানের আওতায় এর আগেই চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিএফএ) একাধিক শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তার ও দণ্ডিত হয়েছেন। সর্বশেষ ঘোষণায় আগের যেকোনো সময়ের চেয়ে বড় পরিসরে শাস্তির কথা জানানো হলো।

সিএফএ জানিয়েছে, একটি ‘পদ্ধতিগত পর্যালোচনা’র মাধ্যমে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্তে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সাবেক জাতীয় দলের কোচ এবং একসময়ের ইংলিশ ক্লাব এভারটনের খেলোয়াড় লি তিয়ে ইতিমধ্যেই ঘুষ নেওয়ার দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

এ ছাড়া চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান চেন শুয়ুয়ানকেও আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তিনি প্রায় ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার ঘুষ নেওয়ার দায়ে এর আগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন।