ঢাকা, শনিবার, জুন ৬, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

বাংলাদেশকে বাদ দেওয়ার নজির চাই ইংল্যান্ডের সাবেক তারকা! মার্ক বুচারের কড়া মন্তব্য


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৬, ০৭:০১ পিএম

বাংলাদেশকে বাদ দেওয়ার নজির চাই ইংল্যান্ডের সাবেক তারকা! মার্ক বুচারের কড়া মন্তব্য

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়াকে ভবিষ্যতের জন্য একটি 'অনুসরণযোগ্য দৃষ্টান্ত' বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্ক বুচার। তার মতে, এই নজির টেনে রেখে খেলাটির স্বচ্ছতা ও মর্যাদা বজায় রাখতে হবে। তার দাবি, কোনো দল যদি নিরাপত্তা বা অন্য কোনো কারণে টুর্নামেন্টের আয়োজক দেশে যেতে অস্বীকার করে, তাহলে ভবিষ্যতেও তাকে বাদ দিয়েই প্রতিযোগিতা চালানো উচিত।

নিরাপত্তাজনিত শঙ্কার কথা বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে ভারতের বাইরে ম্যাচ খেলার আবেদন জানিয়েছিল। কিন্তু আইসিসি তা সরাসরি প্রত্যাখ্যান করে। বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় আইসিসি তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেয়। এই বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি, ভারতে ও শ্রীলঙ্কায় যৌথভাবে।

উইজডেন ক্রিকেট উইকলির একটি পডকাস্টে ৫৩ বছর বয়সী বুচার বলেন, "আমার মনে হয়, এটা (বাংলাদেশকে বাদ দেওয়া) এমন একটি দৃষ্টান্ত, যেটা অনুসরণ করা যেতে পারে। কোনো দল, সরকারি সিদ্ধান্তে হোক বা নিজস্ব কারণে, যদি নিরাপত্তা বা অন্য কোনো কারণে কোনো দেশে গিয়ে খেলতে না চায়, তাহলে তাদের বাদ দেওয়া উচিত। পরের দল সুযোগ পাবে, আর টুর্নামেন্ট চলবে তাদের ছাড়াই। আমার মনে হয়, এটাই হওয়া উচিত অনুসরণযোগ্য নজির।"

তিনি গত চ্যাম্পিয়ন্স ট্রফির উদাহরণ টেনে বলেন, "ভারতের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পাকিস্তানের সঙ্গে সমস্যা হয়েছিল। শেষ পর্যন্ত সমাধান হয়েছিল দুবাইয়ে ম্যাচ আয়োজনের মাধ্যমে, ফাইনালসহ। ক্রিকেটের ইতিহাসে বহুবারই দেখা গেছে, কোনো দলকে মেনে নিতে টুর্নামেন্টের কাঠামো পাল্টানো হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে যেভাবে হচ্ছে, সেটা আগে দেখা যায়নি।"

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে ভারত অস্বীকৃতি জানায়। এরপর আইসিসি, পিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে একটি চুক্তি হয়। তাতে বলা হয়, টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ নিরপেক্ঠ মাঠে হবে। আবার ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তানের সব ম্যাচও নিরপেক্ষ ভেন্যুতে হবে বলে ঠিক হয়।

বুচারের মতে, আর্থিক বা রাজনৈতিক প্রভাবের চেয়ে ক্রিকেটের সততা বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তার কথায়, "চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অবস্থান এতটাই স্পষ্ট ছিল যে দূর থেকে দেখলেও বোঝা যাচ্ছিল কী হতে যাচ্ছে। আমি এটা বলছি না যে সবাই ভারতের মতো অবস্থানে আছে, কিন্তু তারপরও খেলাটির সততা অর্থের উৎসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত।"

মার্ক বুচার ইংল্যান্ডের হয়ে ১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৭১ টেস্ট খেলেছেন। ৮টি সেঞ্চুরি ও ২৩টি অর্ধশতক সহ তার সংগ্রহ ৪২৮৮ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮০ ম্যাচে ৩৮ সেঞ্চুরি সহ ১৭,৮৭০ রান রয়েছে তার। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচে রয়েছে ২টি ফিফটি।