এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম
খেলোয়াড়রা মাঠে নামছে না, কিন্তু বাংলাদেশের নাম এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝলকাবে! আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকলেও দুই বাংলাদেশি আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন। এই সম্মানজনক দায়িত্ব পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং গাজী সোহেল।
আইসিসি সম্প্রতি ৩০ জনের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে। এতে সৈকত ও সোহেলের নাম নিশ্চিত হয়েছে। সৈকত আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার। সাম্প্রতিক বছরগুলোতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত দায়িত্ব পালন করছেন। গত দুই বছরে বড় বড় টুর্নামেন্ট ছাড়াও বোর্ডার-গাভাস্কার ট্রফি এবং অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির মতো সিরিজে আম্পায়ারিং করেছেন। অন্যদিকে গাজী সোহেলও ধারাবাহিক ভালো পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন। সবশেষ এশিয়া কাপেও তাকে মাঠে দেখা গেছে।
এই টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতে নিজেদের ম্যাচ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। একাধিক দফা আলোচনা হলেও সিদ্ধান্ত বদলায়নি। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইসিসির ঘোষিত ৩০ সদস্যের তালিকায় ৬ জন ম্যাচ রেফারি এবং ২৪ জন আম্পায়ার রয়েছেন। আম্পায়ারদের মধ্যে অভিজ্ঞ নামগুলোর পাশাপাশি কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, পল রাইফেল, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো এবং আহসান রাজার মতো তারকা আম্পায়াররা আছেন।
ম্যাচ রেফারি: ডিন কস্কার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন, জাভাগাল শ্রীনাথ।
আম্পায়ার: রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, অ্যাদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো, ওয়েন নাইটস, ডোনোভান কচ, জয়রামন মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাস্কি, কে এন এ পদ্মনভন, আলাউদ্দিন পালিকের, আহসান রাজা, লেসলি রাইফার, পল রাইফেল, ল্যাংটন রুসেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রবীন্দ্র উইমালাসিরি, আসিফ ইয়াকুব।
বাংলাদেশের দুই আম্পায়ারের এই সাফল্য নিশ্চয়ই দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য গর্বের বিষয়!